Sunday, December 25, 2016

এখনও জঙ্গি আস্তানায় আদরের লাশ

রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় নিহত কিশোর জঙ্গি আদরের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার বেলা ১১টার পর থেকে 'সূর্য ভিলা' নামের ওই ভবনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। দুপুর ১টা পর্যন্ত সেখানকার একটি কক্ষে আদরের লাশ রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্রিফিংয়ে সোয়াট টিমের ডিসি প্রলয় জোয়ার্দার জানান, ফায়ার সার্বির একটি দল ভবনের ভেতরে ঢুকেছে। তারা কাজ করছে। তিনি বলেন, 'ভবনের একটি কক্ষে এখনও প্রবেশ করা সম্ভব হয়নি।
কারণ অভিযানের সময় পুলিশের ছোঁড়া ক্যাদানে গ্যাস রুমে আটকে আছে। ওই রুমে জঙ্গি আদরের লাশ রয়েছে।' প্রলয় জোয়ার্দার জানান, ভবনে আপাতত দৃশ্যমান ৫টি গ্রেনেড দেখা গেছে। দুটি খুবই বিপজ্জনক আর ২টি আত্মঘাতী গ্রেনেড। জঙ্গিবিরোধী এ অভিযানের পর পূর্ব আশকোনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে সেখানে গেছে কাউন্টার টেরোরিজম ইউনিট, ক্রাইম সিন ইউনিট, সোয়াট টিম, সিআইডির ফরেনসিক ইউনিট ও ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। উল্লেখ্য, শনিবার রাজধানীর পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের সময় আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণ ও গুলিতে দু'জন নিহত হয়। অভিযানের দিনই জঙ্গি সুমন ওরফে ইকবালের স্ত্রী শাকিলার (৩০) লাশ উদ্ধার করা হয়। তিনি শরীরে বেঁধে রাখা গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে মারা যান। আর আজিমপুরে অভিযানের সময় নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে শিপারের ছেলে রাশেদ ওরফে আদর (১৪) গোলাগুলিতে নিহত হয়। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টার এ অভিযানে আত্মসমর্পণ করে দুই শিশু সন্তানসহ দুই নারী।
তারা হচ্ছে- সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জাহিদ ওরফে মুরাদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান (নাম অজ্ঞাত)। আরেকজন হচ্ছে জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার সন্তান (নাম অজ্ঞাত)। এছাড়া গ্রেনেড বিস্ফোরণে গুরুতর আহতাবস্থায় আস্তানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে সাবিনা নামের ৪ বছরের এক শিশুকে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) এ অভিযান পরিচালনা করে। দক্ষিণখান থানার আশকোনায় হাজী ক্যাম্পের অদূরে কুয়েত প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানটির নাম দেয়া হয়েছে ‘অপারেশন রিপল টোয়েন্টিফোর’। ১৭ ঘণ্টা অভিযানের পর শনিবার বিকাল ৫টায় সমাপ্ত ঘোষণা করা হয়। সন্ধ্যায় নিহত নারী জঙ্গির লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হলেও ভবনের ভেতরে বিস্ফোরক থাকায় আদরের লাশ উদ্ধার করা হয়নি। রোববার নিহত জঙ্গি আদরের লাশ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের কথা রয়েছে।

No comments:

Post a Comment