দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামী ২২শে জানুয়ারি রোববার বিকাল ৪টায় শুরু হবে। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এটা হবে চলতি সংসদের তৃতীয় বছরের প্র্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্ট অধিবেশনের উদ্বোধনী বৈঠকে ভাষণ দেবেন। চলতি সংসদের সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আততায়ীর গুলিতে নিহত হওয়ায় অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। তবে চলমান সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণের পর সংসদ অধিবেশন মুলতবি করার রেওয়াজ থাকলেও প্রেসিডেন্টের ভাষণের পর মুলতবি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, অতীতের মতো শীতকালীন এ অধিবেশন হবে দীর্ঘমেয়াদি। এক মাসেরও বেশি সময় ধরে অধিবেশন চলবে। প্রেসিডেন্টের ভাষণের ওপর সাধারণ আলোচনা ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। অধিবেশনের মেয়াদ কত দিন হবে তা ঠিক করবে সংসদের কার্যউপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংসদের ১৩তম অধিবেশন গত ৪ঠা ডিসেম্বর শুরু হয় ও ৮ই ডিসেম্বর শেষ হয়। আর ২০১৬ সালের ২০শে জানুয়ারি ওই বছরের প্রথম অধিবেশন শুরু হয়। বিদায়ী বছরে সংসদের ৫টি অধিবেশনে ৫০টি বিল পাস হয়েছে। এই বছরে সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের সম্পদ বাজেয়াপ্ত এবং এরশাদ-জিয়া ও মোশ্তাকের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
>>>মানবজমিন

No comments:
Post a Comment