Thursday, December 29, 2016

ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে আহত ৮

লক্ষ্মীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিন আগে ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী মিরাজ ও নিশাদ গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে ঘটনার সময় রাতে খেলার মাঠে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রদলকর্মী মিরাজ, মোরশেদ, শাকিব, মারুফ ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদীসহ আটজন আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক আশংকাজনক অবস্থায় গুরুতর আহত মিরাজ, মোরশেদ ও শাকিবকে ঢাকায় পাঠানো হয়। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এরমধ্যে তিনজনকে  আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment