Tuesday, December 27, 2016

'এই নির্বাচন রসিকতা'

জেলা পরিষদ নির্বাচনে জনমতের প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, 'বিগত দিনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জোর করে ফলাফল পাল্টে দেয়া হয়েছে। উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে আমরা (বিএনপি) আশান্বিত ছিলাম, কিন্তু পরবর্তী ধাপগুলোতে জোর করে দখল করে নিয়েছে।' তিনি বলেন, 'পৌরসভা নির্বাচনেও তাই করেছে আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তো মনোনয়নপত্র দাখিল করতেই দেয় নাই। যাদেরকে জোর করে নির্বাচিত করা হয়েছে তাদের ভোটে নির্বাচিত করা হবে জেলা পরিষদের চেয়ারম্যান।
কাজেই এই নির্বাচন রসিকতা। ২০১৪ সালে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন যেমন ছিল প্রহসনের তেমনি জেলা পরিষদ নির্বাচন আরেকটা লোক দেখানো প্রহসনের নির্বাচন।' জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ নিজেরা নিজেরাই টাকা খরচ করছে এমন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,  'স্বভাব খারাপ হলে যা হয়। প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচনে নিজেরাই টাকা খরচ করছে। তাছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগীদের অস্ত্র এখন বেপোরোয়া। নিজেরা নিজেরা খুনাখুনি করছে, আর প্রকাশ্যে যখন এসব ঘটনা ঘটে তখন এতে জনমতের প্রতিফলন থাকে না।' তিনি আরও বলেন, 'জাসাস ক্রমাগত শক্তিশালী হচ্ছে। এই সংগঠন বিদেশী সংস্কৃতির আগ্রাসন দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে কাজ করে যাচ্ছে। আজকে আবার শপথ নিয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখবেন।' জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় আয়োজক সংগঠনের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মনির হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment