Tuesday, December 27, 2016

'কালো ব্যাট' পেলেন রাসেল, তবে...

কয়েক দিন আগেই বিগ ব্যাশে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের 'কালো ব্যাট' নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার তারাই রাসেলকে এই ব্যাট ব্যবহারের অনুমতি দিয়েছে। কিন্তু ব্যাটে লেমিনেটিং কাভার লাগানোর শর্ত জুড়ে দিয়েছে। বিগ ব্যাশ প্রধান অ্যান্থনি এভারার্ড বলেছেন, 'স্বচ্ছ লেমিনেটিং কাভার ব্যবহার করে খেলতে পারবেন আন্দ্রে রাসেল। এতে বলের রং ঠিক থাকবে।' তিনি বলেন, ' আমরা চাই না একটি ব্যাটের রঙের কারণে বিগ ব্যাশের বৈচিত্রে কোনো ব্যতয় হোক। এজন্য আমরা তাকে পরবর্তী বিগ ব্যাশে লেমিনেটিং কাভার ব্যবহার সাপেক্ষে এই ব্যাট ব্যবহারের অনুমোদন দিয়েছি।'
বৈচিত্র্যের কারণেই বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে 'কালো' ব্যাট ব্যবহার করেছিলেন ক্যারিবীয় দানব আন্দ্রে রাসেল। তবে কালো ব্যাট নিষিদ্ধের ব্যাখ্যায় বিগ ব্যাশ কর্তৃপক্ষ জানিয়েছিল, রাসেলের কালো রঙের আস্তরণ দেয়া ব্যাটটি সাদা ম্যাচ বলের রং বদলে দিচ্ছিল। বল কালো হয়ে গেলে তা তো সবার জন্যই সমস্যা। ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নির্দেশনা অনুযায়ী কালো রঙের ব্যাটটি নিষিদ্ধ ঘোষণা করেছিল বিগ ব্যাশ কর্তৃপক্ষ। সে সময় বিগ ব্যাশ প্রধান অ্যান্থনি এভারার্ড বলেছিলেন, 'যতক্ষণ পর্যন্ত ব্যাটের রং ম্যাচের বলের রঙে কোনো পরিবর্তন না ঘটাচ্ছে ততক্ষণ ব্যাটসম্যানরা রঙিন ব্যাট ব্যবহার করতে পারবেন।' রাসেল অবশ্য অনুমোদন নিয়েই এই কালো ব্যাটটি ব্যবহার করেছিলেন। কিন্তু বলের রঙে পরিবর্তন হচ্ছে দেখেই বিগ ব্যাশ কর্তৃপক্ষ এই অনুমোদন প্রত্যাহার করেছে বলে জানিয়েছিলেন তিনি। বিগ ব্যাশ এবং নারীদের বিগ ব্যাশে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদন সাপেক্ষে বিভিন্ন রঙের ব্যাট নিয়ে খেলে থাকেন খেলোয়াড়রা। এই যেমন: টি ২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবীয় দানব ক্রিস গেইল বিগ ব্যাশের গত আসরে খেলেছেন স্প্যার্টানের স্বর্ণ রঙের ব্যাটে। এই প্রতিষ্ঠানটিই রাসেলের কালো ব্যাট তৈরি করেছে।

No comments:

Post a Comment