পাকিস্তান
ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) বিমান বিধ্বস্তের ঘটনায় ৪৭ যাত্রী ও
ক্রু'র কেউই বেঁচে নেই। বিমানটি উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদ
যাওয়ার পথে স্থানীয় সময় বুধবার বিকাল পৌনে ৫টার দিকে বিধ্বস্ত হয়।
বিমানটিতে ৪২ জন যাত্রী, ৫ জন ক্রু এবং একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
বিধ্বস্ত বিমান থেকে এখন পর্যন্ত ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির
যাত্রী তালিকায় দেখা গেছে, এতে তিনজন বিদেশী, দুই শিশু, নয়জন নারী ও ৩১ জন
পুরুষ যাত্রী ছিলেন। দেশটির সংগীত শিল্পী জুনাইদ জামশেদ ও তার পরিবার এবং
চিত্রলের ডেপুটি কমিশনার ওসামা ওয়ারিখও বিধ্বস্ত বিমানে ছিলেন।
বেসরকারি
বিমান কর্তৃপক্ষ সিসিএ পাকিস্তান এক টুইটে জানিয়েছে, ফ্লাইট পিকে-৬৬১ নামের
বিধ্বস্ত ওই বিমানের কোনো যাত্রী কিংবা ক্রু বেঁচে নেই।
খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লাইক শাহ বলেন,
প্রদেশের অ্যাবোটাবাদ জেলার হাভেলিয়ান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায়
বিমানটি বিধ্বস্ত হয়েছে। পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন
ধরে যায়। প্রায় সব যাত্রীই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না।
ঘটনাস্থলের চারদিকে বিমানটির ভগ্নাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। পাকিস্তান সরকারের
বেসামরিক বিমান সচিব ইরফান এলাহি বলেন, বিমানটি ইঞ্জিনের ত্রুটির কারণে
বিধ্বস্ত হতে পারে। তবে এত দ্রুত এই দুর্ঘটনার কারণ বলা সম্ভব নয়।

No comments:
Post a Comment