কিশোরগঞ্জের
ইটনার কাটাখাল নামক হাওরে একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা
ঘটেছে। এ সময় ডাকাতদের গুলি ও মারপিটে অন্তত ১০ জন আহত এবং এক ব্যক্তি
নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা
জানিয়েছেন, ডাকাতেরা সশস্ত্র হামলা চালিয়ে ৭০/৮০ ভরি স্বর্ণালঙ্কার,
২০/২৫টি মোবাইল সেট, নগদ ২ লাখসহ মোট ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে
গেছে। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। আর নিখোঁজ ব্যক্তির নাম নূরুল আলম (৫০)।
ঢাকার কলাবাগান এলাকার এ বাসিন্দার খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে
জানিয়েছে পুলিশ। ইটনা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্বি ইউনিয়নের করনশী গ্রামের এক পরিবারের
ছেলের সঙ্গে ঢাকার কলাবাগান এলাকার এক পরিবারের মেয়ের বিয়ে হয়। ঢাকা থেকে
মেয়ের পরিবারের নারী-শিশু ও পুরুষসহ ২০/২২ জনের একটি দল কিশোরগঞ্জে বেড়াতে
আসে। মঙ্গলবার তারা নৌকাযোগে ঢাকার চামড়ার নৌ-বন্দর আসার পথে কাটাখালে
ডাকাতদলের খপ্পরে পড়ে।

No comments:
Post a Comment