ময়মনসিংহে
পপুলার ও ল্যাবএইডসহ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে
র্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে
৮টা পর্যন্ত এ অভিযান চালায় র্যাব। র্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ময়মনসিংহ শহরের চরপাড়া
এলাকায় এ অভিযান চালানো হয়। এদিকে অভিযানের প্রতিবাদে ক্লিনিক ও ডায়ানস্টিক
সেন্টারের মালিক এবং কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও
র্যাব সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক
করা হয়। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ
উত্তীর্ণ বায়োকেমিক্যাল পরীক্ষার রি-এজেন্ট ব্যবহারের অভিযোগে পপুলার
ডায়াগনস্টিককে ১০ লাখ, ল্যাবএইড ডায়াগনস্টিককে ৬ লাখ, পিওর ডায়াগনস্টিক
সেন্টারকে ২ লাখ, ওষুধের দোকান- পিপলস মেডিসিন পয়েন্ট, পপুলার মেডিসিন
কর্নারকে ৭৫ হাজার ও ৫০ হাজার, প্রান্ত ও সেফওয়েকে এক লাখ করে মোট ২১ লাখ
২৫ হাজার টাকা জরিমানা করেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ লাখ টাকা
জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার নুর ইসলাম, ল্যাব ইনচার্জ শাহ
সাকিব, ল্যাব সহকারী আশিকুর রহমান,
কর্মচারী মোস্তাক আহমেদ ও ইমন মিয়াকে
তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে পপুলার
মেডিসিন সেন্টারের বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এর আগে
একই এলাকায় ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারকে অনুরূপ অভিযোগে ৬ লাখ টাকা
জরিমানা অনাদায়ে ম্যানেজার হারুন-অর রশিদ, ল্যাব ইনচার্জ মৃদুল ঘোষ ও ল্যাব
সহকারী রিপন মিয়াকে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ
সময় মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও রি-এজেন্ট জব্দ করা হয়। অভিযানকালে
র্যাব-১৪ এর সহকারী পরিচালক মেজর জাহাঙ্গীর আলম, সিনিয়র এএসপি শামীম আরা
বেগম ও ড্রাগ সুপার গুলশান জাহান উপস্থিত ছিলেন। র্যাবের নির্বাহী
ম্যাজিস্ট্র্যাট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, পপুলার ডায়াগনস্টিক
সেন্টার তাদের ল্যাবরেটরিতে বায়োকেমিক্যাল পরীক্ষার জন্য মেয়াদ উর্ত্তীণ
রি-এজেন্ট ব্যবহার করে আসছে। রি-এজেন্টের মেয়াদ ২০১৫ সালে শেষ হলেও তারিখ
টেম্পারিং করে ২০১৮ সাল লিখে রাখা হয়েছে। তিনি জানান, হৃদরোগসহ জটিল
রোগীদের এভাবেই প্রতারণা করা হচ্ছে। ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার
কর্তৃপক্ষও একই উপায়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। ভ্রাম্যমাণ আদালতের
অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সারওয়ার আলম।

No comments:
Post a Comment