জার্মানির
বার্লিনের কেন্দ্রে ক্রিসমাস মার্কেটে লরি হামলার দায় স্বীকার করেছে
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। স্থানীয় সময় সোমবার
সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৪৯ জন আহত হয়।
নিজেদের মুখপাত্র 'আমাক'- এ মঙ্গলবার এক বিবৃতিতে আইএস বলেছে, 'তাদের এক
যোদ্ধা ক্রিসমাস মার্কেটে লরি হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে।'
আন্তর্জাতিক জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের ওপর হামলার আহ্বানে সাড়া দিয়ে এ
হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে আইএস।
আইএসের দাবির বিষয়ে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়েরো বলেছেন,
'বিভিন্ন বিষয়কে সামনে রেখেই ঘটনার তদন্ত করা হচ্ছে।' খবর বিবিসির। সিরিয়া ও
ইরাকের বিস্তীর্ণ অংশের দখলে নিয়ে খেলাফতের ঘোষণা দেয়া আইএসকে হটাতে
সেখানে রাশিয়া ও সিরীয় বাহিনীর অভিযানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে
মিত্র দেশগুলোর বিমান হামলা চলছে। আইএসের পক্ষ থেকে বিভিন্ন সময় এসব দেশের
নাগরিকদের ওপর হামলা চালাতে আহ্বান জানানো হয়েছে। এর আগে জার্মান
প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, বার্লিনে হামলার একমাত্র সন্দেভাজন
পাকিস্তানি নাগরিক নাভিদ বিকে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে তার
সম্পৃক্ততার বিষয়ে যথেষ্ট তথ্য না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।
সোমবার সন্ধ্যায় ভয়াবহ ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জার্মানির পুলিশ
রাজনৈতিক আশ্রয়প্রার্থী ২৩ বছর বয়সী পাকিস্তানি নাগরিককে আটক করে। আটকের
পরই নাভেদ বি এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি চলতি
বছরের ফেব্রুয়ারিতে জার্মানিতে এসেছিলেন।
এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের নিস শহরে একটি উৎসবের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬
জনকে হত্যা করা হয়। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী ট্রাকচালক।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলারও দায় স্বীকার করেছিল।

No comments:
Post a Comment