ছাত্রলীগের
দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে শাবি উপাচার্য প্রফেসর ড. আমিনুল ইসলাম নিজ ক্ষমতাবলে
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। শাবির রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন
স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশে বলা হয়,
অনিবার্য
কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও
পরীক্ষা বন্ধ থাকবে। রেজিস্ট্রার স্বাক্ষরিত আরো দুটি পৃথক আদেশে আগামী ১
জানুয়ারি পর্যন্ত ছাত্রদের তিনটি আবাসিক হল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়
এবং ক্যাম্পাসে যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো
হয়। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আগেই ছাত্রহলগুলো বন্ধ করে দেয়
কর্তৃপক্ষ। এরআগে মঙ্গলবার ছাত্রলীগের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে
রাতভর শাবির ছাত্রহলগুলোতে পুলিশি তল্লাশি চলে। তল্লাশিতে শাহপরান,
বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হল থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, হাতবোমা ও
গুলি উদ্ধার করা হয়। এরপরেই আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের
হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়। তবে ছাত্রীদের হল ত্যাগের বিষয়ে এখনো কোনো
নির্দেশনা আসেনি। প্রশাসন সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের জরুরি
সিন্ডিকেটে এসব বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে।

No comments:
Post a Comment