চিত্রনায়িকা
হয়েও বর্তমানে সিনেমায় নেই পূর্ণিমা। আছেন নাটকে। বিশেষ দিনগুলোর জন্য
নির্মিত নাটকের প্রিয়মুখ এখন তিনি। কিন্তু মনে-প্রাণে যে সিনেমার লোক, টিভি
পর্দায় সে কতটা পূর্ণতা পাবে? তাই প্রায় তিন বছর পর নিয়মিত সিনেমায়
শুটিংয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এ নায়িকা। ভালো গল্প আর চরিত্র পেলে
অবশ্যই সিনেমার শুটিং করতে চান তিনি। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিতে রাজি
বলে জানিয়েছেন। বর্তমানে ছবি করার জন্য একেবারেই প্রস্তুত তিনি। এ প্রসঙ্গে
পূর্ণিমা বলেন, ‘আমার শুরুটা চলচ্চিত্র দিয়ে। মনে-প্রাণে আমি চলচ্চিত্রেরই
মানুষ। তাই এ পরিবারের সঙ্গেই থাকতে চাই। মানসিকভাবে চলচ্চিত্রের শুটিং
করতে পুরো প্রস্তুত আছি আমি।’
মানসিক
প্রস্তুতির বাইরে শারীরিকভাবে ফিট থাকাও আবশ্যক। এদিক থেকে ফিট আছেন তো?
প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেন, ‘এখন সিনেমার জন্যই প্রস্তুত হচ্ছি। আশা
করি যতটা ফিট রয়েছি তাতেই চলচ্চিত্রে অভিনয় করা সম্ভব। এর বাইরে চরিত্রের
জন্যও আরও প্রস্তুতি নেয়ার মানসিকতাও আমার আছে।’ এক সময়ের এ মিষ্টি মেয়ে
এখন শুধু ‘মনের মাঝে তুমি’র মতো ভালো গল্প ও চরিত্রের ছবির অপেক্ষা করছেন
বলে জানালেন। পরিচালকদের কাছে ভালো গল্পের ছবির প্রস্তাব পেলেই দেখাবেন তার
অভিনয় আর রূপের জাদু। সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’ নামের
ছবিতে সর্বশেষ কাজ করেছেন পূর্ণিমা। ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়। এরপর
মিষ্টি মেয়ে খ্যাত এ নায়িকাকে সিনেপর্দায় আর দেখা যায়নি।

No comments:
Post a Comment