Monday, December 5, 2016

‘একদম ফিট’ মোস্তাফিজ

সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। চিকিৎসক ও ট্রেনার মনে করছেন এখনই ১০০ ভাগ শক্তি দিয়ে বোলিং করতে পারবেন মোস্তাফিজ। কাল মিরপুর একাডেমি মাঠে ৮০ থেকে ৯০ ভাগ শক্তি দিয়ে দুই স্পেলে বোলিং করেছেন এই বাঁ-হাতি পেসার। তবে ম্যাচের সময় আসলে শতভাগ দিয়েই বোলিং করতে পারবেন বলে মনে করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এছাড়া পেসার এবাদত হোসেনেরও অস্ট্রেলিয়া যেতে বাধা নেই।
তবে বিপিএলে খেলার সময় লিগামেন্টের ইনজুরিতে পড়া মোহাম্মদ শহীদের এখনই দলের সঙ্গে যাওয়া হচ্ছে না। ৯ ও ১০ ডিসেম্বর দুই ধাপে বিভক্ত হয়ে অস্ট্রেলিয়া যাবেন মাশরাফি মুর্তজারা। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ায় ১০ দিনের মতো অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। কাল বোলিং অনুশীলনের সময় মোস্তাফিজকে একদম ফিট মনে হল। তার অবস্থা দেখে ট্রেনারও খুশি। মোস্তাফিজ সম্পর্কে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ (কাল) সকালের অনুশীলন সেশনে সে ও এবাদত দু’জনই বোলিং করেছে। ওরা দু’জনই সামর্থ্যরে ৮০-৯০ ভাগ দিয়ে বোলিং করেছে। আমাদের ট্রেনার এ দুই পেসারের অগ্রগতি নিয়ে খুবই খুশি। আরও আনন্দের কথা হচ্ছে ওরা দুই স্পেলে বোলিং করতে পেরেছে। তাতে কোনো ধরনের ভুল ছিল না।’ তিনি বলেন, ‘৮০-৯০ ভাগ সামর্থ্য দিয়ে বোলিং করতে পারা মানেই প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করতে পেরেছে সে। আসল কথা হল, শতভাগ দিয়ে বোলিংটা খেলা যখন শুরু হবে তখনই নিজের সেরাটা দিতে পারবে।
এখন যখন ৮০ দিয়েও বল করছে তখন আমরা ধরে নিচ্ছি পুনর্বাসন পুরোপুরি হয়ে গেছে। আর কয়েকটা দিন মাত্র সময় আছে আমাদের হাতে। এর মধ্যে আরেকটা জিম সেশন ও বোলিং সেশন হবে। এরপর নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট তাদের অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সফরের ব্যাপারে চিন্তা করবেন।’ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল অনুশীলন ক্যাম্প করবে। সেখানে মোস্তাফিজদের কী ধরনের কাজ হবে জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘আশা করছি দলের অন্য খেলোয়াড়রা যে ধরনের অনুশীলন করবে এরাও (মোস্তাফিজ ও এবাদত) একই ধরনের প্রস্তুতি নিতে পারবে।’ এদিকে মোহাম্মদ শহীদের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘শহীদের লিগামেন্টে যে ইনজুরিটা ছিল আমরা আজ (কাল) তার পরীক্ষা করিয়েছি। ওর হাঁটুর অবস্থা আগের চেয়ে ভালো। কিন্তু এখনও ওর পায়ের যা অবস্থা তাতে আরও এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আমরা দু’তিনদিনের মধ্যে আবার রিভিউ করব। তারপর পরবর্তী চিকিৎসার ব্যাপারে জানাতে পারব।’

No comments:

Post a Comment