Monday, December 5, 2016

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

রাজধানীর মিরপুর-১ এ কারখানা স্থানান্তরের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রেজাউল গার্মেন্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে মিরপুর সনি সিনেমা হলের কাছে ছিড়িয়াখানা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছে শ্রমিকরা। মিরপুর থানার এসআই স্বপন বড়ুয়া জানান, সনি সিনেমা হলের পেছনে রেজাউল গার্মেন্ট নামের ওই পোশাক কারখানা গাজীপুরে স্থানান্তর করছে কর্তৃপক্ষ। এ কারখানার শ্রমিকরা তাদের বকেয়াসহ অগ্রিম তিন মাসের বেতন-ভাতা কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছিল।
কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি গ্রাহ্য না করে কারখানা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করলে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তিনি বলেন, পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে। তবে লাঠিচার্জ করা হয়নি এবং কোনো শ্রমিক আহত হয়েছে এমন তথ্য তাদের জানা নেই বলে জানান। বেলা সোয়া ১১টা পর্যন্ত মিরপুর-১ থেকে ছিড়িয়া খানা সড়কে যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। বেলা, সুমন ও মরিয়ম নামের রেজাউল গার্মেন্টের কয়েকজন শ্রমিক জানায়, তাদের বাসায় ঢাকা। হঠাৎ করে মালিক কারখানা স্থানান্তর করে গাজীপুর নিয়ে যাচ্ছে। সেখানে তাদেরও যেতে বলেছে। তারা জানান, হঠাৎ করে কিভাবে আমরা গাজীপুর যাই। কারাখানা কর্তৃপক্ষের কাছে আমাদের বকেয়া বেতনসহ অগ্রিম তিন মাসের বেতন দাবি করে আসলেও তা অগ্রাহ্য করে কারাখানা সরিয়ে নিচ্ছে। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধে নেমেছে।

No comments:

Post a Comment