আইনমন্ত্রী অ্যাভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুলি নয়। বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে প্রযুক্তিতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে আছে। বাংলাদেশের ১৬কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা উন্নয়নে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ এখন রোল মডেল। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলা শিক্ষা অধিদফতরের আয়োজনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাড়ে সাত বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। বিদ্যুতের সমস্যা আর থাকবে না। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখছে। এ কারণে আজ প্রত্যান্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে প্রযুক্তি ব্যবহারের জন্য ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হচ্ছে।
এসময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে আনিসুল হক বলেন, আপনারা আমাদের ক, খ, গ, ঘ- শিখিয়েছেন। হাত ধরে লিখতে শিখিয়েছেন। মা-বাবার পর আপনারা আমাদের যত্ন করেন। আজকের প্রজন্ম আগামীদিনের ভবিষৎ। তাই সন্তানদের কম্পিউটার ব্যবহারে উৎসাহিত করতে হবে এবং নিজেরাও উৎসাহিত হবেন। মনে রাখবেন, এই কম্পিউটার দিয়ে যেন কোনো রাষ্ট্রবিরোধী কাজ না হয়। তিনি বলেন, দেশটি আমাদের সবার। তাই দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের। বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, খেয়াল রাখতে হবে। যারা ইসলাম ধর্মের নামে নিরীহ মানুষকে হত্যা করে, তারা ইসলাম ও দেশের শত্রু। তাদের এই দেশের মাটিতেই বিচার করা হবে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনউদ্দিন ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) মামুনুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা সেলিম ভূঁইয়া, জামশিদ ভূঁইয়া, শিক্ষক মাহতাব মিয়া প্রমুখ।

No comments:
Post a Comment