বিয়ের
পর ক্যারিয়ারে মন্দা সময় যাচ্ছে মডেল-অভিনেত্রী স্পর্শিয়ার। কাজের ঘাটতি
নয়, মূলত স্বামীর বিধি-নিষেধের কারণেই কম কাজ করতে হচ্ছে তাকে- এমনই গুঞ্জন
রটেছে মিডিয়ায়। স্বামীবিষয়ক ঝামেলার কারণে নির্মাতারাও তার কাছ থেকে দূরে
থাকার চেষ্টা করছেন বলে অনেকে বলেছেন। এর মধ্যেও নিজেকে গোছানোর চেষ্টা
করছেন স্পর্শিয়া। দিন কয়েক আগে একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে কাজ করেছেন। এ
ভিডিওতে তার সঙ্গে জুটি বেঁধেছেন আরেক মডেল-অভিনেতা তৌসিফ। তাও আবার নাহিদ
মেহেদি নামে নতুন এক কণ্ঠশিল্পীর গানে মডেল হয়েছেন স্পর্শিয়া। চলতি বছর
চারটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। তাই অনেকে স্পর্শিয়াকে বছর শেষের
হিসাব-নিকাশে মডেল-অভিনেত্রীর বদলে ‘মিউজিক ভিডিওর নায়িকা’ বলেই অভিহিত
করছেন। এছাড়াও সম্প্রতি প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে নাম লিখিয়েছেন
তিনি। তবে মূল নায়িকা নয়।
অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ নামের একটি ছবিতে
দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করবেন তিনি। এ ছবিতে মূল নায়িকার ভূমিকায়
অভিনয় করবেন এমিয়া এমি নামে এক নবাগত নায়িকা। আসছে ভালোবাসা দিবসে মুক্তি
দেয়ার লক্ষ্যে ছবিটি নির্মিত হচ্ছে বলে পরিচালক সূত্রে জানা গেছে। বছরের
মূল্যায়ন ও নিজের কাজ প্রসঙ্গে স্পর্শিয়া বলেছেন, ‘আমি জানি আমাকে কী করতে
হবে। এ বছর চারটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। এ কাজগুলো আমাকে দীর্ঘদিন
বাঁচিয়ে রাখবে।’

No comments:
Post a Comment