Saturday, December 31, 2016

শীতলক্ষ্যায় নৌকাডুবি, ৫ লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার তারাগঞ্জে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার পারাতলা এলাকার আব্দুল হাই বাবুলের ছেলে আতিক (২৬) ও একই উপজেলার মধ্যনগর এলাকার ননি খাঁনের তাজিম খান (১৪),
শিবপুরের আলীনগর নুর মোহাম্মদের স্ত্রী কোহিনুর বেগম (২৫), শিবপুরের তালাঝুলা গ্রামের তারা মিয়ার ছেলে মো. কাইয়ুম (১৭) ও একই উপজেলার লাকপুর গ্রামের হাসান আলীর ছেলে আনু মিয়া (৪০)। কাপাসিয়া থানার এসআই দুলাল মিয়া এবং স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়ার তারাগঞ্জে অনুষ্ঠিত এক কনসার্টে যোগ দিতে শিবপুরের পারাতলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রীরা তারাগঞ্জ বাজার খেয়াঘাটে আসছিলেন। খেয়াঘাটের কাছাকাছি পৌঁছলে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এসময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০/১২ জন নিখোঁজ হয়। পুলিশ ও স্থানীয়রা চেষ্টা করে রাতে তিনজনের (আতিক, তাজিম ও কোহিনুর) লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঢাকা ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আখতারুজ্জামান জানান, ডুবরিরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে এবং পৌনে ১টার দিকে কাউয়ুম ও আনু মিয়ার লাশ উদ্ধার করেন।

No comments:

Post a Comment