Saturday, December 24, 2016

বার্লিন হামলার সন্দেহভাজন ইতালিতে বন্দুকযুদ্ধে নিহত

জার্মানির বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি চালিয়ে হামলায় জড়িত সন্দেহভাজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইতালির পুলিশ। শুক্রবার ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে সন্দেহভাজন তিউনিসিয়ান আনিস আমরিকে হত্যা করা হয়েছে। ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘোষণা দিয়েছেন। ইতালির পারানোমা ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে বলা হয়, ভোরেই তাকে গুলি করে হত্যা করে পুলিশ। গেল সোমবারের ওই হামলায় ১২ জন নিহত এবং ৪৯ জন আহত হন।
সন্দেহভাজনকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে পুলিশ জানায়, আনিস আমরি জার্মানিতে আইএসের নিয়োগ নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জার্মান পুলিশের তদন্তের তথ্য হাতে পেয়ে এমন খবর প্রকাশ করেছে সিএনএন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আমরি ও বেশ কয়েকজন সদস্য আবু ওয়ালা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। তারা আইএসের সঙ্গে যোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আবু ওয়ালা নেটওয়ার্কের জার্মান-সার্বিয়া শাখার প্রধান বোহান সিমেওনোভিকের নেতৃত্বে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০১৬ সালের প্রথম দিকে কোনো এক সময়ে জার্মানির হিলডেসেইম শহরের একটি মসজিদে আমরির সঙ্গে বোহান দেখা করেন। জঙ্গি কর্মকাণ্ডের জন্য আমরিকে দেশ ত্যাগে উদ্বুদ্ধ করতে বোহান তার সঙ্গে দেখা করেন। এদিকে, জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ওবেরহাউসেনে ইউরোপের সবচেয়ে বৃহত্তম শপিংমলে এবং জনপ্রিয় একটি ক্রিসমাস মার্কেটে হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। বার্লিনে লরি হামলার পর কড়াকড়ির মধ্যেই বড়দিনের উৎসবের মৌসুমে ওই হামলার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন দুই ভাইকে আটক করেছে জার্মান পুলিশ। কসোভোয় জন্ম নেয়া ৩১ ও ২৮ বছর বয়সী দুই ভাইয়ের নাম প্রকাশ করা হয়নি। শুক্রবার সকালে ডুইসবুর্গ শহর থেকে পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে ইসেন শহর পুলিশ জানায়, ওই দুই ভাইয়ের সঙ্গে গত সপ্তাহে ক্রিসমাস মার্কেটে লরি চালিয়ে সন্ত্রাসী হামলার কোনো যোগসাজশ নেই। অস্ট্রেলিয়ায় ক্রিসমাস পরিকল্পনা ভণ্ডুল: অস্ট্রেলিয়ার মেলবোর্নে বড়দিনে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ বাহিনী। বিবিসি জানায়, শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই পরিকল্পনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ভিক্টোরিয়ার পুলিশ প্রধান গ্রাহাম অ্যাস্টন জানান, হামলায় ‘বিস্ফোরক’ ও ‘ছুরি বা আগ্নেয়াস্ত্র’ ব্যবহার করা হতে পারে বলে হুমকি ছিল। তিনি আরও জানান, ফ্লিন্ডার্স স্ট্রিট ট্রেন স্টেশন, ফেডারেশন স্কয়ার এবং সেন্ট পলস ক্যাথিড্রালের মতো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ হামলার হুমকি ছিল। সংবাদ সম্মেলনে অ্যাস্টন বলেন, ‘এরপর আর কোনো হুমকি নেই।’ আটক হওয়া পাঁচজনের মধ্যে চারজনই লেবানিজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। অপরজন মিসরীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয়। তাদের সবার বয়স বিশের কোটায়।

No comments:

Post a Comment