Saturday, December 24, 2016

দিল্লির উপ-রাজ্যপাল নাজিব জংয়ের পদত্যাগ

ভারতের দিল্লির উপ রাজ্যপালের (লেফটেন্যান্ট গভর্নর) পদ থেকে আচমকা ইস্তফা দিলেন নাজিব জং। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। উপ রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই অব্যাহতি নিলেন নাজিব।
পদত্যাগপত্রে তিনি কর্মক্ষেত্রে সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে নাজিবের আচমকা পদত্যাগকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন কেজরিওয়াল। এনডিটিভির খবরে বলা হয়, দিল্লির নতুন গভর্নর নিয়োগের ব্যপারে আলোচনা চলছে। বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ ব্যাপারে আলোচনা করেছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অটল বিহারি বাজপাই নেতৃত্বাধীন বিজেপি সরকারের স্বরাষ্ট্র সচিব অনিল বাইজাল পছন্দের শীর্ষে রয়েছেন। প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আলোচনা শেষে মোদির কাছে চূড়ান্ত নাম প্রেরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত দু’বছরে দিল্লির আম আদমি (এএপি) সরকারের কার্যকালে যত বিরোধ হয়েছে তার মধ্যে অন্যতম ছিল নাজিব জংয়ের সঙ্গে কেজরিওয়ালের বিরোধ।
নাজিব জং কেন্দ্রের হয়ে জনতাবিরোধী কাজ করছেন বলে বারবার অভিযোগ করে আসছিল এএপি। এছাড়া কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বারবার নাজিব জংকে ব্যবহার করে এএপি সরকারকে অপদস্থ করার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে। অবশ্য এ বিরোধই পদত্যাগের কারণ কিনা তা উল্লেখ করেননি নাজিব জং। তার উপদেষ্টা অজয় চৌধুরী বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। ৪৫ বছর ধরে কাজ করেছেন, এখন তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান।’

No comments:

Post a Comment