Saturday, December 24, 2016

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

কথা রাখলেন নবনির্বাচিত নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে জয়ী হলে বিএনপি প্রার্থী সাখাওয়াতের বাড়িতে গিয়ে নাশতা করবেন বলে ওয়াদা করেছিলেন তিনি। সেই কথামতো শুক্রবার বেলা পৌনে ১১টায় মিষ্টির প্যাকেট নিয়ে শহরের খানপুর কাজীপাড়া এলাকায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় হাজির হন আইভী। প্রথমে তারা একে অপরের সঙ্গে হাসিমুখে হাত মেলান। করেন কুশল বিনিময়। সকাল ১১টা ১০ মিনিটে আইভী চলে আসেন। ২৫ মিনিটে দু’জন অনেকটা খোশগল্পে মেতে ছিলেন।
দু’দিন আগে নির্বাচন নিয়ে দুই প্রার্থীর মধ্যে ছিল পাল্টাপাল্টি অভিযোগ। সেই বিরোধ যেন এখন আর নেই। দু’জনের কথোপকথনকালে সাখাওয়াত আইভীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে আপনি নারায়ণগঞ্জকে আরও উন্নত করতে আমার ও আমাদের যে ধরনের সহযোগিতা চাইবেন করব।’ আইভী বলেন, আপনার দেয়া নির্বাচনী ইশতেহার নিয়েও আমি কাজ করব। নিজের প্রতিশ্র“তির কথা স্মরণ করিয়ে সাখাওয়াতকে বলেন, ‘আমি বলেছিলাম জয়-পরাজয় যাই হোক আমি সাখাওয়াত ভাইয়ের বাসায় যাব। আমি সে কথা রেখেছি। তাছাড়া সাখাওয়াত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিন আগের।
আমার অনেক কর্মীর মামলা তিনি লড়েছেন। আমি চাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই থাকব। নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আমিও অনেক আগে থেকে চেষ্টা করছি। এখন ওনাকে পাশে পাব আশা করছি। আমি চাই সবাই মিলেমিশে উন্নয়ন করব। সাখাওয়াত ভাইও এর বাইরে থাকবেন না।’ জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ওনার (আইভীর) উন্নয়নমূলক কর্মকাণ্ডে চাইলে আমি সহায়তা করব। নারায়ণগঞ্জে ভালো কিছু করার স্বার্থে কোনো বিকল্প নেই। একসঙ্গে মিলে সবাই কাজ করতে পারলে জেলার উন্নয়ন হবে।

No comments:

Post a Comment