সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে রাজশাহী নগরীতে আগামী ১১ডিসেম্বর আধাবেলা হরতাল ডেকেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। শনিবার বেলা ১১টায় নগরীর সোনাদিঘি মোড়ে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এডভোকেট এনামুল হক বলেন, নগরবাসীর আয়ের সঙ্গে সঙ্গতি না রেখেই সিটি কর্পোরেশন অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে।
এর প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। তিনি বলেন, সিটি কর্পোরেশন নগরবাসীর মতামতকে অগ্রাহ্য করে একতরফাভাবে বর্ধিত হোল্ডিং আদায়ে অনড় থাকায় আমরা আদালতের শরণাপন্নও হয়েছি। এরইমধ্যে হাইকোর্ট থেকে বর্ধিত হোল্ডিং ট্যাক্স ‘কেন বাতিল করা হবে না’ জানতে চেয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে দুই সপ্তাহের রুল জারি করেছেন। যা আন্দোলনের শক্তি বাড়িয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স ছাড়াও অস্বাভাবিকহারে ট্রেড লাইসেন্সে ও ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড ফি বাতিল ও সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সকল ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রাখারও আহ্বান জানান তারা।

No comments:
Post a Comment