জনপ্রিয়
মুভিসিরিজ ‘স্টার ওয়ারস’-এ প্রিন্সেস লেইয়া চরিত্রে অভিনয় করে খ্যাতি
অর্জনকারী অভিনেত্রী ক্যারি ফিশার মারা গেছেন। মঙ্গলবার সকালে ৬০ বছর বয়সে
তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার কমেডি সিরিজ ‘ক্যাটাস্ট্রফি’র শুটিং শেষে
লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন
ফিশার। বিমানেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লস অ্যাঞ্জেলেসের রোনাল্ড রিগান
ইউসিএলএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেই ‘প্রিন্সেস লেইয়া’ মারা
যান বলে মেয়ে বিলি লৌর্ড নিশ্চিত করেছেন। বেভারলি হিলসে জন্ম নেয়া ফিশার
মাত্র ১২ বছর বয়সে লাস ভেগাসে তার মায়ের নাইট ক্লাবে অভিনয় করেন।
১৯৭৫
সালে ‘শ্যাম্পু’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু
হলেও দুই বছর পর স্টার ওয়ারসই তাকে অভিনেত্রীর সম্মান ও খ্যাতি এনে দেয়।
স্টার ওয়ারসের দুটি সিক্যুয়েলে অভিনয় করেন ফিশার। এর মধ্যে ১৯৮৩ সালের
‘রিটার্ন অব দ্য জেডি’তে তার পোশাক তাকে ‘সেক্স সিম্বলের’ পরিচিতি এনে দেয়।
ডিজনি কর্তৃপক্ষ ‘স্টার ওয়ারস’ সিরিজ কিনে নিলে ফিশার ‘দ্য ফোর্স
অ্যাওয়াকেনস’ এ শয়তানের সঙ্গে যুদ্ধে বিদ্রোহী আন্দোলনের রাশভারী জেনারেল
‘লেইয়া অর্গানা’ চরিত্রে অভিনয় করেন। ফিশার ‘স্টার ওয়ার্স; এপিসোড এইট’-এও
অভিনয় করেছেন। চলতি বছরের জুলাই মাসে ছবিটির শুটিং শেষ হয়। আগামী বছরের
ডিসেম্বরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘স্টার ওয়ারস’ সেটেই হ্যারিসন
ফোর্ডের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন এ তারকা অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি
মাদকাসক্তি আর একের পর এক প্রেমে জড়িয়ে সংবাদের খোরাক হয়েছেন ‘প্রিন্সেস
লেইয়া’।

No comments:
Post a Comment