Thursday, December 29, 2016

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর রাত ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকার কারণে পদ্মার দুই পাড়ে ফেরি পারের অপেক্ষায়  যাত্রীবাহী বাসসহ  ৫ শতাধিক গাড়ি আটকে আছে। এদিকে ঘন কুয়াশায় মাঝ পদ্মায় অবরুদ্ধ হয়ে আছে চারটি ফেরি বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)র পাটুরিয়া ঘাটের ম্যানেজার সালাউদ্দিন।
তিনি জানান, বৃহস্পতিবার মধ্য রাত থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরি চলাচলে ঝুঁকি দেখা দিলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর রাত ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় চারটি ফেরি মাঝ পদ্মায়  কুয়াশায় অবরুদ্ধ হয়ে আটকে রয়েছে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় ৭টি ফেরি এবং ৬টি ফেরি দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই করে নোঙর করতে বাধ্য হয়েছে। এদিকে উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও পণ্যবোঝাই ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন। ফলে পাটুরিয়া- দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শীতের মধ্যে ঘাটে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশা কেটে গেলে পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান বিআইডব্লিউটিসি’র দায়িত্বশীল ওই কর্মকর্তা।

No comments:

Post a Comment