কেয়ারলেস
হুইসপারের গায়ক প্রখ্যাত ব্রিটিশ পপ সিঙ্গার জর্জ মাইকেল আর নেই। খবর নাইন
নিউজের। ক্রিসমাসের রাতে (রোববার) নিজ বাড়িতেই ৫৩ বছর বয়সে না ফেরার দেশে
পাড়ি জমান ১০০ মিলিয়ন গানের অ্যালবাম বিক্রির রেকর্ড গড়া এই তারকা।
মাইকেলের মুখপাত্র এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে তিনি
বলেন, আমাদের জন্য বিষয়টি তীব্র কষ্টের, তবু বলতে হচ্ছে আমাদের সন্তান,
ভাই, বন্ধু জর্জ আমাদের ছেড়ে শান্তির সঙ্গে পরলোকে চলে গেছেন। ক্রিসমাস
চলাকালীন তিনি আমাদের ছেড়ে চলে যান। এদিকে টেমস ভ্যালির পুলিশ জানায়,
রোববার অক্সফোর্ডশায়ারে জর্জের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স সার্ভিসের গাড়ি
উপস্থিত ছিল। সে সময় জানা যায় প্রখ্যাত গায়ক জর্জ মাইকেল আর নেই। জর্জ
মাইকেলের মৃত্যুর পেছনে কোনো ঘটনা বা ষড়যন্ত্র রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত
হওয়া না গেলেও প্রাথমিকভাবে পুলিশ মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কোনো বিষয়
পায়নি। জর্জের দীর্ঘদিনের ম্যানেজার মাইকেল লিপম্যান বিলবোর্ডকে জানান,
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই জর্জ মারা গেছেন। ১৯৮২ সালে সংগীতশিল্পী জর্জ
মাইকেল ও অ্যান্ড্রু রিজলি মিলে গড়ে তুলেছিলেন ব্যান্ড দল ‘হোয়াম!’। ১৯৮৬
সালে হোয়াম ভেঙে যাওয়ার পর একক ক্যারিয়ার গড়ে তোলেন জর্জ। জর্জ মাইকেল
তার কালজয়ী ক্লাব ট্রপিকানা, লাস্ট ক্রিসমাস, কেয়ারলেস হুইসপার, ফেইথসহ আরও
অনেক গানের জন্য আজীবন শ্রোতার অন্তরে জায়গা পেয়ে যাবেন। জীবদ্দশায় তিনি
দুবার গ্রেমি ও তিনবার ব্রিটস অ্যাওয়ার্ডে ভূষিত হন।

No comments:
Post a Comment