নিউজিল্যান্ড
সফরে দলে জায়গা পেয়েছিলেন লেগ-স্পিনার অলরাউন্ডার হিসেবে। দ্বিতীয়
ওয়ানডেতেই কপাল খোলে তানবীর হায়দারের। তার সঙ্গে অভিষেক হয়,
উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং পেসার শুভাশীষ রায়ের। নুরুল
হাসান সোহান এবং শুভাশীষ রায়ের অভিষেক দারুণ হলেও দুঃস্বপ্নের অভিষেক হয়েছে
তানবীর হায়দারের। অবশ্য তার এ অভিষেককে শুধু দুঃস্বপ্ন বললে ভুল বলা হবে,
রীতিমত প্রশ্নবিদ্ধ অভিষেক। অভিষেক ম্যাচে বল হাতে ৮ ওভারে ৪৭ রান দিয়ে
ছিলেন উইকেট শূন্য। ব্যাট হাতেও দলের প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে ওঠা দূরে
থাক, ক্রিজে দাঁড়াতেই পারেননি। ডান-হাতি এ ব্যাটসম্যান করেছেন মাত্র ২ রান।
এখানেই শেষ না, অখেলোয়াড়সুলভ আচরণের জন্য তানবীরের কপালে জুটে আইসিসির
তিরস্কার। সেই সঙ্গে ক্যারিয়ারে যোগ হয় ১টি ডিমেরিট পয়েন্টও। তবে কিউইদের
স্পিন দুর্বলতার কথা মাথায় রেখে নির্বাচকরা তাকে দ্বিতীয় ম্যাচেও সুযোগ
দেন। কিন্তু এবারও হতাশ করেন এ লেগব্রেক বোলার। দলের বিপর্যয়ে ব্যাট হাতে
করেন মাত্র ৩ রান। আর বল হাতে ছিলেন খুবই ব্যয়বহুল। ২ ওভারে ২০ রান দেয়ার
পর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে দিয়ে আর বলই করানোর সাহস দেখাননি।
স্পেশালিস্ট স্পিনারের পরিবর্তে বল করিয়েছেন পার্টটাইমার সাব্বির,
মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক হোসেনকে দিয়ে। অন্যদিকে প্রথম ম্যাচে ১০ ওভারে
৪৫ রান দিয়ে ১ উইকেট শিকার করা শুভাশীষ দ্বিতীয় ম্যাচে জায়গা পাননি।
মোস্তাফিজুর রহমান ফিরলে তিনি থাকবেন না,
এটা স্বাভাবিকই ছিল। এদিন অন্য
বোলাররা ব্যর্থ হলেও বল হাতে মোস্তাফিজ তার কাজ ঠিকঠাকই করেছেন। ৩২ রানে
তুলে নেন ২ উইকেট। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে ওয়ানডে দলে জায়গা হয়
সোহানের। তবে হতাশ করেননি সোহান। উইকেটের পেছনে গ্লাভস হাতে যেমন উজ্জ্বল
ছিলেন। ব্যাট হাতে উইকেটের সামনেও ছিলেন দারুণ। অভিষেক ম্যাচে ২৪ রান করলেও
দ্বিতীয় ম্যাচে দলের প্রয়োজনীয় মুহূর্তে ৩৯ বলে ৪৪ রানের ঝকঝকে ইনিংস
খেলেন। টপ-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সোহানের ব্যাটে সন্মানজনক
স্কোরও গড়েছিল টাইগাররা।তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের দারুণ
ব্যাটিংয়ের কারণে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। তানবীর হায়দারের
অভিষেক নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ ছিলেন তানভীর
হায়দার। বল হাতে ৯ ওভারে ৫৯ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে
করেছিলেন মাত্র ১০ রান। বিপিএলে ঢাকা ডায়নামাইসের হয়ে খেলেছিলেন মাত্র ১
ম্যাচ। সেই ম্যাচেও বল ও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। নিউজিল্যান্ডের মতো
উইকেটে এমন একজন আনকোরা ব্যাটসম্যান ও স্পিনারের অভিষেক হয়ে থাকল দুঃস্বপ্ন
ও প্রশ্নবিদ্ধ।

No comments:
Post a Comment