Thursday, December 29, 2016

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার

চিত্রনাট্য এক, মঞ্চটাই যা একটু আলাদা। ক্রাইস্টচার্চের পরিবর্তে নেলসনের স্যাক্সটন ওভাল। ফলাফলেরও খুব একটা হেরফের হয়নি। দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে এবার সফরকারী বাংলাদেশ হেরে গেছে ৬৭ রানে, প্রথম ম্যাচের চেয়ে ১০ রান কমে। এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল নিউজিল্যান্ড। স্বাগতিকদের দেয়া ২৫২ রানের লক্ষ্যে সফরকারী বাংলাদেশ ৪৪ বল হাতে রেখে ১৮৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছেন ইমরুল কায়েস। দ্বিতীয় সর্বোচ্চ সাব্বির রহমানের, ৩৮। এই দু'জনের ৭৫ রানের জুটিই যা একটু আশা জাগিয়েছিল। ভুল বোঝাবুঝিতে সাব্বির রহমানের রানআউটের পরই তুষের ঘরের মতো ভেঙে পড়ে টাইগাররা। অবশ্য শুরুটা বেশ সতর্কভাবে করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু দলীয় ৩০ রানে টিম সাউদিকে এগিয়ে এসে খেলতে গিয়ে মিউ-উইকেটে টম ল্যাথামের হাতে ক্যাচ দেন তামিম, ২৩ বলে তিন বাউন্ডারিতে ১৬ রানে। এরপর দলের হাল ধরেন ইমরুল ও সাব্বির রহমান। দলীয় ১০৫ রানে ৭৫ রানের এই জুটি ভাঙে ভুল বোঝাবুঝিতে। নিশামের বলে সিঙ্গেল নিতে কল করেন ইমরুল। নন-স্ট্রাইকিং থেকে সাড়া দিয়েও শেষ পর্যন্ত ফিরে আসেন সাব্বির। ইমরুলও একই প্রান্তে ফিরে এলে সাজঘরে যেতে বাধ্য হন ৪৯ বলে দুই বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৮ রান করা সাব্বির। এরপর দলীয় ১১২ রানে মাহমুদুল্লাহ রিয়াদকে সরাসরি বোল্ড করেন ফার্গুসন। আর দলীয় ১২৭ রানে নিল ব্রুমের তালুবন্দি করে সাকিবকে (৭) তুলে নেন কেন উইলিয়ামসন। মোসাদ্দেক হোসেনকেও তিনি ফেরান নিশামের তালুবন্দি করে দলীয় ১৩৪ রানে। এরপর বাংলাদেশ শিবিরে বড় আঘাত হানেন টিম সাউদি। অর্ধশতক করা ইমরুল কায়েসকে তিনি তুলে নেন ব্রুমের তালুবন্দি করে।
ইমরুল ৮৯ বলে ৬ চারে করেন ৫৯ রান। দলীয় ১৪১ রানে উইলিয়ামসন অভিষিক্ত তানবীর হায়দারকে তৃতীয় শিকারে পরিণত করলে টাইগার ভক্তরা তাকিয়ে থাকেন অধিনায়ক মাশরাফির দিকে। তিনি সে স্বপ্ন দেখাচ্ছিলেনও। কিন্তু দলীয় ১৬২ রানে মাশরাফির এক ছক্কা, দুই চারের ১৭ রানের ইনিংস থামান টেন্ট বোল্ট। এরপর আরেক অভিষিক্ত নুরুল হাসান সোহান যা একটু পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। কিন্তু দলীয় ১৮৪ রানে তাকে তুলে নিয়ে টাইগারদের ইনিংস গুটিয়ে দেন বোল্ট। কিউই বোলারদের মধ্যে ২২ রানে ৩ উইকেট নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া বোল্ট ও সাউদি দুটি করে উইকেট তুলে নেন। এর আগে টস হেরে ব্যাট পাওয়া নিউজিল্যান্ড ২৫১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে নিল ব্রুম ১০৭ বলে ৮ চার ৩ ছক্কায় সর্বোচ্চ ১০৯ রানে অপরাজিত থাকেন। আর রনকি ৩৫, নিশাম ২৮ ও ল্যাথাম ২২ রান করে করেন। বাংলাদেশের পক্ষে ৪৯ রানে ৩ উইকেট নেন মাশরাফি। আর সমান ৪৫ রান করে খরচা করলেও তাসকিন ও সাকিব ২টি এবং শুভশীষ একটি উইকেট পান। মোসাদ্দেক ১২ রানে নেন এক উইকেট। ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের পক্ষে শতক করা নিল ব্রুম। সিরিজের শেষ ওয়ানডে হবে বাংলাদেশ সময় শনিবার ভোরে, একই মাঠ নেলসনের স্যাক্সটন ওভারে। এখন মাশরাফিদের সামনে একটাই লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।

No comments:

Post a Comment