Saturday, December 17, 2016

এক সারিতে সর্বাধিক বাইসাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড

এক সারিতে সর্বাধিক বাইসাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড করার দাবি করেছে বিডি সাইক্লিস্ট নামে বাংলাদেশের একটি সংগঠন। রেকর্ড ভাঙার জন্য তারা বেছে নেয় বিজয় দিবসকেই। শুক্রবার সকালে এক সারিতে এক হাজার দুইশ’ সাইক্লিস্ট ৯ কিলোমিটার পাড়ি দিয়ে এই রেকর্ড গড়েন। এখন গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতির জন্য অপেক্ষা করছেন আয়োজকরা।
এক সারিতে ৯১৬টি সাইকেল চালিয়ে প্রথম রেকর্ড হয় আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ২০১৫ সালে বসনিয়ায় ২০টি দেশের ৯৮৪ সাইক্লিস্ট এই রেকর্ড ভাঙেন। এবার ১২শ’ সাইক্লিস্ট নিয়ে সেই রেকর্ড দখলের লড়াইয়ে বাংলাদেশ। শুক্রবার সাইক্লিস্টরা তাদের সাইকেল চালিয়ে কুড়িল বিশ্বরোড এলাকার তিনশ’ ফিট সড়কে ৯ কিলোমিটার পথ পাড়ি দেয়। এতে অংশ নেন নারী সাইক্লিস্টরাও। এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করে বিভিন্ন সংগঠন। রাইড শেষে সবার চোখে মুখে ছিল রেকর্ড ভাঙার উচ্ছ্বাস। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের আনুষ্ঠানিক ঘোষণার জন্য ছবি, তথ্য, উপাত্ত ও প্রত্যক্ষদর্শীদের রিপোর্ট পাঠানো হবে গিনেস কর্তৃপক্ষের কাছে। আয়োজকরা জানান, অনলাইনে রেজিস্ট্রেশন, প্রাথমিক বাছাই ও তিনটি ট্রায়ালের পর বিশ্ব রেকর্ড গড়তে নামে সাইক্লিস্টরা।

No comments:

Post a Comment