চট্টগ্রামে
সাত বছরের ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন মা শামসুন্নাহার (৫০)।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর কদমতলী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। শামসুন্নাহার
আগে তার ছোট ছেলে রিমন হোসেনকে দৌড়ে রাস্তা পার হতে বলেন। এর পরই নিজে পার
হচ্ছিলেন। নিমেষের মধ্যে দ্রুতগতির ট্রেন চলে যায় শামসুন্নাহারের ওপর
দিয়ে। চোখের সামনে মায়ের এমন মৃত্যু দেখে কান্নায় বুক ভাসায় রিমন হোসেন
(৭)। রেলওয়ে পুলিশ জানায়, চোখের সামনে মায়ের করুণ মৃত্যুর ঘটনা দেখে হাউমাউ
করে কেঁদে ওঠে রিমন হোসেন। মায়ের রক্তাক্ত দেহের পাশে দাঁড়িয়ে তার কান্না
স্থানীয় লোকজনকে আবেগাপ্লুত করে তোলে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে রিমনকে
ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
জিআরপি পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে তার লাশ
উদ্ধার করে। নিহত শামসুন্নাহার কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাচ্চু মিয়ার
স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নগরীর সুপারিপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের স্বামী বাচ্চু মিয়া মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার সুপারিওয়ালা
পাড়া এলাকায় ঘরভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন। রেলওয়ে
পুলিশের ওসি এসএম শহীদুল ইসলাম জানান, সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর
মৃত্যু হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মা-হারা শিশুটিকে
স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।

No comments:
Post a Comment