Wednesday, December 28, 2016

মেক্সিকান কিশোরীর জন্মদিনে ১২ লাখ মানুষের সাড়া

অনলাইনে একটি আমন্ত্রণের ভিডিও ভাইরাল হওয়ার জেরে এক মেক্সিকান কিশোরীর জন্মদিনে হাজির হয়েছেন হাজারও মানুষ। জন্মদিনের অনুষ্ঠানটি করা হয় সান লুইস পটোসি রাজ্যে লা জোয়া নামক এলাকার একটি মাঠে, সেখানে ব্যাপক পুলিশও মোতায়েন করে স্থানীয় কর্তৃপক্ষ। ২৬ ডিসেম্বর আয়োজিত ওই জন্মদিন অনুষ্ঠানে যেতে আগ্রহ দেখিয়েছিল প্রায় ১২ লাখ মানুষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুবি ইবারা গার্সিয়া নামের মেক্সিকোর এক কিশোরীর ১৫তম জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন তার বাবা-মা।
এ মাসের শুরুতে একটি ভিডিও অনলাইনে পোস্ট করেন রুবির বাবা ক্রেসেনসিও ইবারা। সেখানে তিনি বলেন, তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে”সবাই আমন্ত্রিত! অনুষ্ঠানে থাকবে স্থানীয় ব্যান্ড, এক বেলার খাবার আর ঘোড়ার রেসের আয়োজন। ফেসবুকে ভিডিওর প্রাইভেসি পাবলিক থাকায় বিপত্তি বাধে। অনুষ্ঠানে আমন্ত্রণের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রায় আট লাখ বার শেয়ার করা হয় এবং জন্মদিন অনুষ্ঠানে যেতে আগ্রহী মানুষের সংখ্যা দাঁড়ায় ১২ লাখে। একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইবারা বলেন, কেবল প্রতিবেশী ও বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্য ওই ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন। কিন্তু ভিডিওটি যে এভাবে ছড়িয়ে পড়বে তা তার চিন্তায়ও আসেনি। তবে রুবির বাবা টিভি চ্যানেলের ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কাউকেই ফেরাবেন না তিনি।
মেক্সিকোতে কোনো মেয়ের ১৫তম জন্মোৎসব পালন ঐতিহ্যের একটি অংশ, যেটি সেই অঞ্চলে ‘কুইনসেয়ানারা’ নামে পরিচিত। মেক্সিকোতে এ বয়সটাকে মনে করা হয় একটি মেয়ে শৈশবকাল থেকে যৌবনকাল বা প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ করল এবং এ সময়টাকে বড় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। রুবি গার্সিয়ার অভিভাবকও তেমনটি চেয়েছিলেন। এদিকে ওই জন্মদিনের আমন্ত্রণ নিয়ে ইন্টারনেটে তৈরি হয়েছিল মজার মজার ট্রল ও ভিডিও। কেউ কেউ মজা করে বলছিলেন, কুইন ও মেটালিকা কনসার্টে যে বিপুল মানুষের অংশগ্রহণ ছিল তার থেকেও সেটা ভেঙে দেবে রুবির জন্মদিনের মানুষের অংশগ্রহণ। কুইন ও মেটালিকার কনসার্টের ছবির সঙ্গে জুড়ে দেয়া রুবির জন্মদিন অনুষ্ঠানের ছবিতে মানুষের যোগদানের ছবি নিয়েও ট্রল হতে থাকে। অন্যদিকে মেক্সিকান এয়ারলাইন্স ইন্টারজেট সান লুইস পটোসি রাজ্যে যাওয়ার সব বিমান টিকিটে ৩০ শতাংশ ছাড় দিয়ে যাত্রীদের বছরের সবচেয়ে বড় এ ইভেন্টে যোগদানের আহ্বান জানায় এভাবে- আপনি কি রুবির ১৫তম জন্মদিনে যাচ্ছেন?

No comments:

Post a Comment