Tuesday, December 27, 2016

দাঁতের ক্ষয়রোগ থেকে শিশুকে বাঁচান

শিশুদের দাঁতে ক্ষয়রোগ একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে শুধু মাত্র ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে। অস্বাস্থ্যকর খাবার, পানীয়, উচ্চ মাত্রায় শর্করা সমৃদ্ধ খাবার, নির্দিষ্ট কিছু ফলের রস, সোডা, আলুর চিপস, কিশমিশ ও পিনাট বাটার জাতীয় খাবারের কারণে শিশুদের দাঁতে ক্ষতিকর ব্যাকটেরিয়া দেখা দেয়। যেসব শিশুরা বেশি পরিমাণে সোডা পান করে তাদের মধ্যে দাঁতের ক্ষয়রোগ ও মেদবহুলতার প্রবণতা দেখা যায়।
এটি, এমন শিশুদের পরবর্তী জীবনে, অস্টিওপরোসিস ও ডায়াবেটিসের দিকে ঠেলে দেয়। বিশেষজ্ঞদের মতে, শিশুদের দাঁত ও মাড়িতে একধরনের স্বচ্ছ ও আঠালো পদার্থ জমতে দেখা যায়, যাকে আমরা প্লাক (Plaque) বলে থাকি। এই প্লাকে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, যা গ্রহণ করা খাদ্যবস্তুতে উপস্থিত সুগার বা চিনির উপর নির্ভর করে বেঁচে থাকে। ব্যাকটেরিয়া থেকে একধরনের এসিড তৈরি হয় যা খাবার খাওয়ার ২০ মিনিট বা এর অধীক সময় ধরে দাঁতের ক্ষতি করতে থাকে। এই এসিডের প্রভাবে এনামেল নষ্ট হয় ও দাঁত ক্ষয়রোগ হয়। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই, বিশেষজ্ঞরা দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধে কিছু নিয়ম মেনে চলার কথা বলেছেন। সেগুলো নিম্নে আলোচনা করা হল:
* শিশুদের অবশ্যই খাবার খাওয়ার পরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
* ঘুমাতে যাওয়ার আগে, ব্রাশ করতে হবে।
* মাড়ি এবং দাঁতের সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ডেন্টাল চেক-আপও ভাল রকম সাহায্য করে।
* শিশুদের ফ্লসিং টেকনিকও শিখিয়ে রাখা উচিৎ, যেহেতু এটি দাঁতের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। এছাড়া বিশেষজ্ঞরা শিশুদের দাঁতের সুস্থ্যতার কথা চিন্তা করে কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। নিম্নে ওই খাবারগুলো  নিয়ে আলোচনা করা হল:
জুস : জুসে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে যা শিশুদের দাঁতের ক্ষয়রোগের কারণ। চিনি বা শর্করা দাঁতের পক্ষে ক্ষতিকর। যে ব্যাকটিরিয়াগুলি শর্করা খেয়ে থাকে, সেগুলোই দাঁতে ক্যাভিটির সৃষ্টি করে। এই ব্যাকটিরিয়াগুলি মাড়ির ক্ষেত্রেও অস্বস্তির সৃষ্টি করে।
সাদা খাবার : সাদা ভাত, সাদা পাউরুটি ও সাদা পাস্তা, মাড়ির রোগ ও দাঁত ক্ষয়ের কারণ হতে পারে। এসব খাবার সহজেই দাঁতের সঙ্গে লেগে থাকে, দাঁতের ক্ষয় ও মাড়ির রোগের কারণ হতে পারে।
কিশমিশ : কিশমিশ আরেকটি খাদ্য পদার্থ যা আপনার সন্তানের দাঁতের পক্ষে নিরাপদ না। এটি সুগারে পরিপূর্ণ এবং সহজেই শিশুর দাঁতের সঙ্গে লেগে যায় এবং পরে দাঁতের ক্ষতি করে।
চকোলেট : প্রচুর পরিমাণে শর্করা জাতীয় পদার্থে পূর্ণ চকোলেট। এগুলো অনেক সময় ধরে দাঁতে লেগে থেকে, ব্যাকটিরিয়াদের পথ সুগম করে। এই ব্যকটিরিয়াগুলি সুগার খেয়েই বেঁচে থাকে আর পরিবর্তে দাঁতের ক্ষয়রোগ সৃষ্টি করে।
সোডা : শিশুকে সোডা পান থেকে বিরত রাখুন, কারণ এটা দাঁতের এনামেল তুলে ফেলতে পারে। মেদবহুলতা ও অসুস্থ দাঁতের সঙ্গে সোডা জড়িত। এটি দাঁতের ক্ষয় ও ক্যাভিটির ঝুঁকিও বাড়িয়ে দেয়।

No comments:

Post a Comment