Sunday, December 18, 2016

হায়দরাবাদে মোস্তাফিজ সাকিব কলকাতায়

আইপিএলে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রেখেছেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ে প্রথম বিদেশী হিসেবে ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন বাংলাদেশের এই পেস সেনসেশন।
এমন সাফল্যের পর হায়দরাবাদ যে মোস্তাফিজকে হাতছাড়া করবে না সেটা আগেই বোঝা যাচ্ছিল। অনুমিতভাবেই মোস্তাফিজকে রেখে দিল ফ্র্যাঞ্চাইজিটি। একইভাবে কলকাতা নাইট রাইডার্স রেখে দিয়েছে সাকিব আল হাসানকে। আইপিএলের দশম মৌসুম শুরুর আগে দলগুলো একের পর এক তারকা খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। বিশেষ করে বিদেশীদের। কলকাতাও অনেককেই ছেড়ে দিয়েছে। তবে বাংলাদেশের সেরা অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে তারা। তাই এবারও সাকিব কলকাতায় এবং মোস্তাফিজ খেলবেন হায়দরাবাদে। গত আসরে ১ কোটি ৪০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল হায়দরাবাদ। প্রথম আসরেই আইপিএল মাতিয়েছেন কাটার মাস্টার। আর ২০১১ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন সাকিব। প্রথমবার নিলামে কেনার পর তাকে আর ছাড়েনি কলকাতা।
আইপিএলের দলগুলোকে খেলোয়াড় ছাড়ার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে বিভিন্ন দল ৪০ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। ইংল্যান্ডের কেভিন পিটারসেন ইয়ন মরগ্যান এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন; মরনে মরকেলের মতো তারকারাও আছেন ছেড়ে দেয়া খেলোয়াড়দের মধ্যে। ২০১১ সালে সাকিবের আইপিএল অভিষেক কলকাতা দিয়েই। সেই থেকে কলকাতার হয়ে ৪২টি ম্যাচ খেলেছেন। ২১.৬০ গড়ে করেছেন ৪৯৭ রান, ২৪.৮৮ গড়ে নিয়েছেন ৪৩ উইকেট। প্রথমবারের মতো গত বছর আইপিএল খেলতে গিয়ে মোস্তাফিজ সবার নজর কেড়েছেন দুর্দান্ত বোলিং দিয়ে। হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা উদীয়মান ক্রিকেটার। সাকিব ও মোস্তাফিজকে কলকাতা ও হায়দরাবাদ কত টাকার বিনিময়ে ধরে রেখেছে সেটা এখনই বলা যাচ্ছে না। ওয়েবসাইট।

No comments:

Post a Comment