স্ত্রী
ও কন্যাকে নিয়ে রাজধানীতে ফিরতে পারেননি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
চিকিৎসক গোলাম সরোয়ার। স্ত্রী ও কন্যাসহ বেড়াতে এসে স্ত্রীকে হারিয়েছেন।
খোঁজ পাচ্ছেন না কন্যারও। শুক্রবার সন্ধ্যায় বরিশালের কীর্তনখোলার শাখা
কড়ইতলা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন স্ত্রী নিশপতি
বেগম (৪৫)। নিখোঁজ রয়েছে কন্যা সাহিরা আক্তার (১৩)।
এছাড়াও দুর্ঘটনায় ওই
স্পিডবোটের যাত্রী চিকিৎসক গোলাম সরোয়ার, তার ভাগ্নে খোকন ও বন্ধু চিকিৎসক
প্রদীপ কুমার বণিক আহত হয়েছেন। মহানগরীর বন্দর থানার ওসি এসএম মাহবুব আলম
যুগান্তরকে জানান, বরগুনার খেজুরতলা এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. গোলাম
সরোয়ার, তার স্ত্রী নিশপতি বেগম, কন্যা সাহিরা, ভাগ্নে খোকন ও বন্ধু ডা.
প্রদীপ কুমার বণিক ভোলায় বেড়াতে গিয়েছিলেন। রাতে বরিশাল থেকে এমভি
সুন্দরবন-১০ লঞ্চে ঢাকা ফেরার কথা ছিল। তাই বরিশাল আধুনিক নৌবন্দরের
উদ্দেশে স্পিডবোটযোগে ভোলা থেকে রওনা হন তারা। স্পিডবোটটি নদীর বরিশাল সদর
উপজেলার সাহেবের হাট বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিকগামী অপর স্পিডবোটের
সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি স্পিডবোট ডুবে যায়। স্থানীয়রা ডা.
গোলাম সরোয়ার, ডা. প্রদীপ কুমার বণিক ও খোকনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
কিছুক্ষণ পর তার স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কিশোরী কন্যা
সাহিরা নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধানে ডুবুরিরা
তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনার পর উভয় স্পিডবোটের চালক পালিয়ে গেছেন।

No comments:
Post a Comment