Saturday, December 24, 2016

সিট না পেয়ে সড়ক অবরোধ করল বাকৃবির ছাত্রীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসিক একটি হলে সিট ও অন্য একটি হল প্রভোস্টের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুননেছা মুজিব হলের সামনে ৩৮ জন ছাত্রী এ অবরোধ করে। জানা গেছে, আন্দোলনরত সবাই শেখ ফজিলাতুননেছা মুজিব হলের বিভিন্ন অনুষদের লেভেল-২ সেমিস্টার-২ এর আবাসিক ছাত্রী। থাকে এ হলের গণরুমে। সেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় বেশ কিছু দিন ধরে হল প্রশাসনের কাছে পৃথক পৃথক আসনের দাবি জানিয়ে আসছিল। ছাত্রীরা জানায়, শেখ ফজিলাতুননেছা মুজিব হলের পাশে আবস্থিত নবনির্মিত বেগম রোকেয়া হলের ফাঁকা সিটে জুনিয়রদের সিটের ব্যবস্থা করা হয়েছে। অথচ গণরুমে তারা কষ্ট করে থাকলেও আমাদের জন্য পৃথক সিটের ব্যবস্থা করা হচ্ছে না। হল প্রশাসন বিভিন্ন সময় গণরুমের ছাত্রীদের নতুন হলে সিটের ব্যবস্থা করা হবে বলে জানায়।
হল প্রশাসনের ওই আশ্বাসে ছাত্রীরা বৃহস্পতিবার বিকালে রোকেয়া হল প্রশাসনের সঙ্গে কথা বলতে যায়। তখন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ফরিদা ইয়াসমীন বারি অন্য হলের ছাত্রী বলে অসৌজন্যমূলক আচরণ করেন বলে ছাত্রীরা অভিযোগ করেন। ওই প্রভোস্টের আচরণে ক্ষীপ্ত হয়ে এবং সিটের দাবিতে ছাত্রীরা ফজিলাতুননেছা মুজিব হলের সামনের রাস্তা অবরোধ করে। এতে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রাত ৮টার দিকে প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন ঘটনাস্থলে এসে ছাত্রীদের অবরোধ তুলে নিতে বলেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তিনি ছাত্রীদের হলে ফিরিয়ে নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে বেগম রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্ন না করার কথা বলেন। বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেই তিনি ফোন কেটে দেন।

No comments:

Post a Comment