Thursday, December 29, 2016

বাংলাদেশ সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব মিয়ানমারের

বাংলাদেশের সঙ্গে সীমান্তে আগেই কাঁটাতারের বেড়া দিলেও এবার দেয়াল তোলার একটি প্রস্তাব উঠেছে মিয়ানমারের আরাকান রাজ্যের আইনসভায়। দেশটির রাজনৈতিক দল ইউএসডিপির (ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয় গত সপ্তাহে। এরপর চলতি সপ্তাহের সোমবার তর্ক-বিতর্ক শেষে তা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী নিউজ জানায়, ইউএসডি দলের একজন সংসদ সদস্য ইউ জো জো মিং এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারকে আলাদা করার জন্য সীমান্তে ৩০ থেকে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল তোলার সুপারিশ করেন। দু’দেশের মধ্যকার প্রস্তাবিত এই দেয়ালের পুরুত্ব ৫ থেকে ১০ ফুট করার কথাও বলেন তিনি।
তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে দেয়াল তৈরির প্রস্তাব রাজ্যের পার্লামেন্ট পর্যন্ত গেলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে এ ধরনের কোনো খবর নেই। বিজিবির দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তেমনই জানা যায়। এক দেশ থেকে আরেক দেশে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তার কারণে পশ্চিমা অনেক দেশে এ ধরনের দেয়াল তৈরির চিন্তা-ভাবনা চলছে বলে উল্লেখ করেন মিয়ানমারের ওই রাজনৈতিক নেতা। আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে মেক্সিকোর সঙ্গে ২০০০ মাইল এলাকাজুড়ে সীমান্তে দেয়াল তৈরির ঘোষণা দেন যেটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবার মিয়ানমারের ভেতরে এ ধরনের আলোচনা শুরু হল। আরাকান রাজ্যের তিনজন সংসদ সদস্য এ প্রস্তাবে সমর্থন দেন। খবরে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে ১২৭ মাইল এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে অবশ্য এ ধরনের কোনো বেড়া তৈরি করা হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ও সীমান্তবিষয়ক মন্ত্রী কর্নেল তেইং লিন এ প্রস্তাব গ্রহণ করে বলেছেন, ‘আমি প্রস্তাবে আপত্তি করছি না কারণ এরই মধ্যে সীমান্তে আমাদের কাজ চলছে। ফলে এটি রেকর্ড হিসেবে লিপিবদ্ধ করছি।’ 

No comments:

Post a Comment