Thursday, December 29, 2016

ফের চালু হিলারির ই-মেইল মামলা

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেংকারির মামলা ফের চালু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। মঙ্গলবার ডিসট্রিক্ট অব কলম্বিয়ার সার্কিট কোর্টের তিনজন বিচারক সর্বসম্মতিক্রমে এ রায় দেন। আদালতের আদেশে বলা হয়, নিন্ম আদালত ভুল পদ্ধতিতে ই-মেইল মামলা খারিজ করে দিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হিলারির যে কয়েক লাখ ই-মেইল উদ্ধার করেছে, সে বিষয়ে তদন্ত চালাতে হবে। যুক্তরাষ্ট্রের বিচারিক পর্যবেক্ষক সংস্থা জুডিশিয়াল ওয়াচ ও কজ অব অ্যাকশন ২০১৫ সালে পৃথকভাবে দুটি মামলা করেছিল।
এতে হিলারির ই-মেইলের তদন্ত করার আর্জি জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিউইয়র্কের বাড়ি থেকে নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ই-মেইল চালাচালি করেছিলেন হিলারি। তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এ বিষয়ে আগে একটি তদন্ত চালিয়েছে। অননুমোদিত এ সার্ভার ব্যবহার নিয়ে হিলারির বিরুদ্ধে এক বছর ধরে তদন্ত করে এফবিআই তার কিছু ই-মেইলে সরকারি কিছু গোপন তথ্য খুঁজে পায়। রাষ্ট্রীয় গোপন তথ্য চালাচালিতে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে হিলারি নিয়ম লংঘন করেছেন, জুলাইয়ে জেমস কোমি এ কথা বলার পরও হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলে জানিয়েছিলেন। গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১০ দিন আগে এ বিষয়ে নতুন করে তদন্তের ঘোষণা দেয় এফবিআই।

No comments:

Post a Comment