সবার
দৃষ্টি ছিল ওয়েন রুনির ওপর। আগের ম্যাচেই ছুঁয়েছেন স্যার ববি চার্লটনের
২৪৯ গোলের রেকর্ড। এককভারে ম্যানইউর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে
প্রয়োজন আর মাত্র একটি গোল। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য এক মিসে
২৫০ তম গোলের অপেক্ষা বাড়ল রুনির। তাতে অবশ্য ম্যানইউর জয়যাত্রায় ছেদ
পড়েনি। সবমিলিয়ে টানা নবম জয়ে হোসে মরিনহোর অধীনে প্রথম শিরোপা জয়ের পথে
আরেক ধাপ এগিয়ে গেল রেডডেভিলরা। ঘরের মাঠে লীগ কাপের সেমিফাইনালের প্রথম
লেগে হাল সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে কার্যত এক পা দিয়ে রাখল ম্যানইউ।
স্বাগতিকদের জয়ের নায়ক হুয়ান মাতা ও মারুয়ান ফেলাইনি। রোববার ইংলিশ
প্রিমিয়ার লীগের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি
হবে ম্যানইউ। মহারণের কথা মাথায় রেখে একাদশে সাতটি পরিবর্তন এনেছিল কোচ
হোসে মরিনহো।
তাতে আক্রমণের ধার না কমলেও ফিনিশিংয়ের দুর্বলতায় প্রথমার্ধে
হাল সিটির গোলমুখ খুলতে পারেননি রুনিরা। মাতা ও পল পগবার দারুণ দুটি
প্রচেষ্টা রুখে দেন হাল সিটির গোলকিপার। কিন্তু বিরতির পর বদলে যায় ছবিটা।
৫৬ মিনিটে খিতারিয়ানের পাস থেকে ম্যানইউকে এগিয়ে দেন মাতা। বদলি হিসেবে
নেমে ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলাইনি। দ্বিতীয় গোলটিই স্বস্তি
দিচ্ছে মরিনহোকে, ‘আমরা এখনও ফাইনালে যাইনি, কিন্তু দ্বিতীয় গোলটি হয়তো শেষ
পর্যন্ত ব্যবধান গড়ে দেবে।’ ২৬ জানুয়ারি হাল সিটির মাঠে ফিরতি ম্যাচ। একই
দিনে লা স্পেজিয়াকে ৩-১ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে উঠেছে
নাপোলি। এছাড়া সোঁসাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফরাসি লীগ কাপের
সেমিফাইনালে পা রেখেছে মোনাকো। এএফপি।

No comments:
Post a Comment