Wednesday, January 11, 2017

দেশের প্রথম ইনডোর গলফ একাডেমির যাত্রা শুরু

যাত্রা শুরু হল বেসরকারিভাবে প্রতিষ্ঠিত দেশের প্রথম ইনডোর গলফ একাডেমি। মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অবস্থিত একাডেমির নিজস্ব সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলাদেশ লিড বেটার গলফ একডেমি। সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক একাডেমির উদ্বোধন করেন। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডেভিড লিড বেটার, ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোমিন উদ দৌলা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশে লিড বেটার ইনডোর গলফ একাডেমি স্থাপনের উদ্দেশ্য ও সুবিধাসহ বিভিন্ন ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ডেভিড লিড বেটার। মোমিন উদ দৌলা বলেন,
‘ক্রিকেটের পাশাপাশি গলফ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি সমৃদ্ধ করেছে। দেশের গলফাররা অলিম্পিকসহ দেশী-বিদেশী বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে সফলতা পেয়েছেন। কিন্তু হাতেগোনা ক’জন ছাড়া দেশকে প্রতিনিধিত্ব করার মতো ভালোমানের তেমন গলফার বেরিয়ে আসছেন না। সেই চিন্তা থেকে আমরা দেশের গলফকে আরও উন্নত করার জন্য আন্তর্জাতিকমানের ইনডোর গলফ একাডেমি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।’ ২০১৫ সালে ব্যাংককের এক্সিট গলফের সঙ্গে চুক্তির মাধ্যমে এক্সিট বাংলাদেশ নামে ইনডোর গলফ একাডেমির কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর আমেরিকার বিখ্যাত লিড বেটার গলফ একাডেমির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রাইভেট সেক্টরে আন্তর্জাতিকমানের গলফ একাডেমি স্থাপিত হওয়ার পথ সুগম হয়েছে। চুক্তি অনুযায়ী এ একাডেমি গলফের জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এদেশের সব বয়সী ছেলেমেয়েকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একাডেমির ট্রাকম্যান, বডি ট্রাক, কে-ভেস্ট, জিসি টু, স্যামপট ল্যাবের মতো অত্যাধুনিক গলফ প্রশিক্ষণ প্রযুক্তি স্থাপনের মাধ্যমে ইনডোর গলফ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।

No comments:

Post a Comment