Sunday, January 22, 2017

ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

পাবনার চাটমোহরে অগ্নিদগ্ধ হয়ে রাহেলা খাতুন (৪০) নামের এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর পৌর এলাকার দোলং মহল্লায় এ ঘটনা ঘটে। রাহেলা খাতুন ওই এলাকার গোলজার হোসেনের স্ত্রী এবং ৩ সন্তানের জননী। চাটমোহর থানার ওসি একরামুল হক জানান, রাত সাড়ে ১০টার দিকে রান্না ঘর থেকে রাহেলা খাতুনের একটি ঘরে আগুন লাগে।
মুহুর্তের মধ্যে ওই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘরে রাহেলার ৪টি ছাগল ছিল। আগুনের হাত থেকে ছাগল বাঁচাতে গিয়ে রাহেলার গায়ে আগুন ধরে যায় এবং তিনি আর ওই ঘর থেকে বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে রাহেলা ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় ওই ঘর থেকে রাহেলার মৃত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ রাহেলার লাশ থানায় নিয়ে এসে সুরতহাল তৈরি করে। এদিকে ৩ সন্তানের জননী রাহেলার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment