Tuesday, January 24, 2017

জলে চলে ট্যাক্সি

শুক্রবারের ছুটি। তাই সকালের দিকে ছেলেমেয়েদের নিয়ে ঘুরতে বের হয়েছেন মালিবাগের রোখসানা বেগম। তিনি হাতিরঝিলের এফডিসি ঘাট থেকে উঠেছেন ওয়াটার ট্যাক্সিতে। তার দুই ছেলেমেয়ে রোমান ও সুমনা ওয়াটার ট্যাক্সিতে উঠে বেশ উপভোগ করছে চারপাশের পরিবেশ। রোখসানা বেগম বলেন, হাতিরঝিলে অনেক ঘুরেছি। কিন্তু ওয়াটার ট্যাক্সিতে ঘুরে হাতিরঝিলকে আরও ভালো লাগছে, ছেলেমেয়েরাও বেশ মজা পাচ্ছে।
তাদের মতো আরও কয়েক পরিবারকে দেখা গেল ওয়াটার ট্যাক্সিতে। তাদেরও উদ্দেশ্য কেবলই বেড়ানো। গেল বিজয় দিবসের দিন চালু হয়েছে হাতিরঝিলের এ ওয়াটার ট্যাক্সি সার্ভিস। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ ট্যাক্সি সার্ভিস ব্যবস্থাপনা করছে। এফডিসি-কারওয়ানবাজার থেকে এ ট্যাক্সি যাতায়াত করে গুলশান-১ ও মেরুল বাড্ডা পর্যন্ত। এফডিসি-কারওয়ানবাজার থেকে গুলশান-১ ভাড়া ৩০ টাকা ও মেরুল বাড্ডা ভাড়া ২৫ টাকা। প্রতি ১৫ মিনিট পরপর এ ট্যাক্সি ছাড়ে। প্রতি ট্যাক্সিতে আসন আছে ৩০টি। নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ট্যাক্সিতে সব যাত্রীর জন্য রয়েছে লাইফ জ্যাকেট। ওয়াটার ট্যাক্সি সার্ভিসের সহকারী মো. আলাউদ্দিন বলেন, অফিস সময়ে চাকরিজীবীরা বেশি যাতায়াত করেন। আর ছুটির দিনগুলোতে অনেকেই তাদের ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে আসেন। বর্তমানে ৪টি ট্যাক্সি চলাচল করছে।
খুব শিগগিরই আরও ৬টি ট্যাক্সি আসবে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের এ ট্যাক্সি সার্ভিস চালু থাকে। এফডিসি-কারওয়ানবাজার থেকে গুলশান-১ যেতে সময় লাগলো ১৫ মিনিটের মতো। ট্যাক্সি সার্ভিসের সহকারী মো. আলাউদ্দিন জানালেন এফডিসি-কারওয়ানবাজার থেকে মেরুল বাড্ডা যেতে সময় লাগে ১২ মিনিটের মতো। গুলশান-১ থেকে এফডিসি-কারওয়ানবাজার যাওয়ার উদ্দেশে ট্যাক্সিতে উঠেছেন বেসরকারি চাকরিজীবী রুহুল আমিন মিয়া। তিনি বলেন, এখন এ ট্যাক্সিতেই যাতায়াত করি। এতে সময় বাঁচে, খরচ কম, আবার ঝামেলা নেই। গুলশান, কারওয়ানবাজার বা মেরুল বাড্ডার চাকরিজীবী বা শিক্ষার্থীদের এ সর্ভিস চালু হওয়াতে সত্যিই বেশ ভালো হয়েছে।

No comments:

Post a Comment