ভারতীয়
ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুরকে
বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস
ঠাকুরের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত
বোর্ডের সচিব অজয় শিরকেও বরখাস্তের আদেশ দেন। খবর এনডিটিভির বিশ্বের সবচেয়ে
শক্তিধর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংস্কার বিষয়ে বোর্ড বনাম
লোধা কমিশন নিয়ে চলা জটিলতার মধ্যে এ রায় এল। আদালতের রায়ে বলা হয়, বোর্ড
লোধা কমিশনের সুপারিশ মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে এটি প্রয়োগে ব্যর্থ
হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে। এর আগে গত ১৬ ডিসেম্বর
শুনানিতে সভাপতি অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে আদালতে মিথ্যা বলার অভিযোগ
উঠেছিল।
শুনানিতে বলা হয়েছিল, ক্ষমা না চাইলে বোর্ড সভাপতির জেল হওয়া উচিত।
আদালত মনে করেন, আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরকে যা অনুরোধ করেছিলেন
অনুরাগ ঠাকুর, তা ছিল আদালতের ওপর হস্তক্ষেপের শামিল। ওইদিন আদালত
বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী একটি বোর্ড গঠন করতে, যারা লোধা
প্যানেলের সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারবে। সাবেক স্বরাষ্ট্রসচিব জি কে
পিল্লাইকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সুপারিশও করা হয়, যার
নেতৃত্বে একজন স্বাধীন-নিরপেক্ষ নিরীক্ষক নিয়োগ দেয়া হবে। তিনি বিসিসিআই
প্রশাসনকে চোখে চোখে রাখবেন, বিশেষ করে বিভিন্ন চুক্তি কাকে কাকে দেয়া
হচ্ছে এবং বোর্ডে স্বচ্ছতা আনা হবে। অবশ্য পরে অভিযোগ অস্বীকার করে অনুরাগ
ঠাকুর জানিয়েছিলেন, সুযোগ পেলে আদালতকে এর ব্যাখ্যা দিবেন তিনি। উল্লেখ্য,
ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালনায় ২০১৫ সালের জানুয়ারিতে সাবেক প্রধান
বিচারপতি আরএম লোধাকে নিয়ে গঠন করা হয় লোধা কমিশন। কমিশন ২০১৬ সালের শুরুতে
বেশ কয়েকটি সুপারিশ করে যেটি গত জুলাইতে অনুমোদন দেন সুপ্রিমকোর্ট। গত
বছরের অক্টোবরে আদালত বিসিসিআইয়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিলেন। তবে
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ভারত সফরে এলে অর্থ ছাড়ের সুযোগ দেন আদালত।

No comments:
Post a Comment