Sunday, January 8, 2017

লজ্জা এড়াতে টাইগারদের দরকার ১৯৫

সফরের শেষ টি ২০-তে বাংলাদেশের সামনে ১৯৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের। রোববার বাংলাদেশ সময় ভোরে মাউন্ট মাঙ্গানুইতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। শুরুতেই তার সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করেন রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪১ রানেই এই দু'জ তুলে নেন কিউইদের প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। সেখান থেকে অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ১২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। অবশ্য ভাগ্যও সহায় ছিল উইলিয়ামসনদের। তা না হলে মাশরাফির বলে দু'দুটি সহজ ক্যাচ কেন ফেলবেন দেশের সেরা ফিল্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল? শেষ পর্যন্ত ক্যাচ ফেলার মাশুল গুণেছে টাইগাররা। স্বাগতিকরা ৪ উইকেটে করেছে ১৯৪ রানের পাহাড়। দলের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন কোরি অ্যান্ডারসন। মাত্র ৪১ বলে এই রানের পথে তিনি রেকর্ড ১০টি ছক্কা ও দুটি চার মেরেছেন।
এরপরই ৫৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেছেন দু'বার জীবন পাওয়া উইলিয়ামসন। অথচ দলীয় ৩৪ রানে জেমস নিশামকে লেগ বিফোরের ফাঁদে ফেলে রুবেল হোসেন দারুণভাবে দলকে ম্যাচে ফেরান। একই ওভারের শেষ বলে গত ম্যাচের সেঞ্চুরিয়ান কলিন মানরোকে তিনি সৌম্য সরকারের তালুবন্দি করলে ব্যাকফুটে চলে যায় কিউইরা। সেখান থেকে আক্রমণে এসে প্রথম বলেই টম ব্রুসকে ইমরুল কায়েসের তালুবন্দি করেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু এরপর ম্যাচ থেকে টাইগারদের ছিটকে দেন অধিনায়ক কেন উইলিয়মসন ও কোরি অ্যান্ডারসন। মাশরাফি এদিন ওভার প্রতি প্রায় ১৩ করে রান দিয়েছেন। এর চেয়েও খারাপ খবর ম্যাচের নিউজিল্যান্ড ইনিংসের ১৭তম ওভার করতে এসে নিজের বলে কোরি অ্যান্ডারসনের স্ট্রেইট ব্যাটে খেলা একটি বল বাঁচাতে চেষ্টা করে হাতে বেশ চোট পান মাশরাফি। নিশ্চিত চার বাঁচাতে পারলেও আহত হয়ে মাঠ ছড়েন তিনি। পরে মোসাদ্দেক তার ওভারটি শেষ করেন। এই মাশরাফির বলেই বাউন্ডারি লাইনে ক্যাচ নিতে গিয়ে আহত হয়েছেন ওপেনার ইমরুল কায়েস। শেষ পর্যন্ত তিনি ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে মাঠে নামতে পারেননি। রুবেল টানা দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন, ৩১ রান খরচায়। তিনি প্রথম দুই ওভারে ৭ রানে নেন দুই উইকেট। পরের দুই ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন উইলিয়ামসনের উইকেট। ইতিমধ্যে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ জয় হাতছাড়া হয়েছে সফরকারী বাংলাদেশের। এই ম্যাচে হেরে গেলে ওয়ানডে সিরিজের মতো হোয়াইটওয়াশ লজ্জায় পড়তে হবে টাইগারদের। এ ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে। মোস্তাফিজক বিশ্রাম দেয়া হয়েছে।

No comments:

Post a Comment