অবশেষে
হাসি ফিরল পেপ গুয়ারডিওলার মুখে। ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিয়ে এফএ কাপের
চতুর্থ রাউন্ডে উঠে গেল ম্যানচেস্টার সিটি। শুক্রবার ওয়েস্ট হ্যামের মাঠ
থেকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছে পেপ গুয়ারডিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লীগে
লিভারপুলের কাছে হারের পর বেশ কোণঠাসা অবস্থায় ছিল ম্যানসিটি। পরের ম্যাচে
বার্নলেকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পান আগুয়েরোরা। কিন্তু দলের
পারফরম্যান্সে খুশি হতে পারছিলেন না কোচ গুয়ারডিওলা। প্রবল হতাশা থেকেই
বলেছিলেন, খুব বেশি দিন আর কোচিং করাবেন না তিনি! কিন্তু গত পরশুর ঝলমলে
জয়ে গুয়ারডিওলার মনের মেঘ কেটে গেছে। মন ভরিয়ে দেয়া ফুটবলই এদিন খেলেছে তার
শিষ্যরা। ওয়েস্ট হ্যামকে তারা উপহার দিয়েছে এফএ কাপে নিজেদের মাঠে সবচেয়ে
বড় হারের লজ্জা। দুর্দান্ত টিম গেমে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় সিটি।
৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল উৎসবের সূচনা করেন ইয়াইয়া টুরে। ৪১ মিনিটে
হার্ভার্ড নর্ডিটের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় সিটি। দু’মিনিট পরেই রাহিম
স্টার্লিংয়ের ক্রস থেকে তৃতীয় গোলটি করেন ডেভিড সিলভা। দ্বিতীয়ার্ধের
শুরুতে ব্যবধান ৪-০ করে সিটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান
সার্গিও আগুয়েরো। সিটির জার্সিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ১৫৪তম গোল এটি। ৮৪
মিনিটে ওয়েস্ট হ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডিফেন্ডার জন স্টোনস।
২০১১ সালে সর্বশেষ এফএ জিতেছে সিটি। এবার সেই খরা ঘোচার আশা করতেই পারে
তারা। বার্সেলোনা ও বার্য়ান মিউনিখের কোচ হিসেবে অভিষেক মৌসুমে লীগের
পাশাপাশি কাপ শিরোপা জিতেছিলেন গুয়ারডিওলা। সিটির হয়ে প্রথম মৌসুমে লীগ
শিরোপা জেতার আশা কিছুটা ধূসর হয়ে গেলেও এফএ কাপ জয়ের ভালো সুযোগ রয়েছে
গুয়ারডিওলার। এএফপি।

No comments:
Post a Comment