সৌদি
আরবের নেতৃত্বাধীন ৩৯টি মুসলিম দেশের সন্ত্রাসবিরোধী সামরিক জোটের প্রধান
নিযুক্ত হয়েছেন পাকিস্তানের সদ্য অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল রাহিল
শরিফ। শুক্রবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য জানান। পাকিস্তানের
জিওটিভির এক টকশোতে তিনি বলেন, এ ব্যাপারে কয়েকদিন আগেই একটি চুক্তি
চূড়ান্ত হয়েছে। তবে এ ব্যাপারে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই বলেও
জানান খাজা আসিফ। খবর ডনের। সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর ওই
সন্ত্রাসবিরোধী সামরিক জোটের মধ্যে বাংলাদেশ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত,
বাহরাইন, তিউনেসিয়া, সুদান, মালয়েশিয়া, মিসর এবং ইয়েমেনও রয়েছে। রাহিল
শরিফের নিয়োগ প্রসঙ্গে আসিফ বলেন,
গত বছরের নভেম্বরে অবসরে যাওয়া জেনারেল
শরিফকে নিয়োগের সিদ্ধান্তটি পাকিস্তানের বর্তমান সরকারের অনুমোদনের পরই
নেয়া হয়েছে। ওই সিদ্ধান্ত রিয়াদে নেয়া হয়েছে নাকি ইসলামাবাদে- এমন প্রশ্নের
জবাবে তিনি আরও বলেন, ‘না, অবশ্যই এ সিদ্ধান্তে আমাদের সরকারের ঐকমত্য
ছিল।’ এ ধরনের কোনো নিয়োগ সরকার এবং সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স
উভয়ের যথাযথ অনুমোদনের পরই নিশ্চিত করা হয় বলেও জানান পাকিস্তানের
প্রতিরক্ষামন্ত্রী। ‘মুসলিম উম্মাহ’ সন্ত্রাসবাদ নিয়ে বর্তমানে ঝামেলায় আছে
এবং তাদের ঐক্য দরকার উল্লেখ করে এ ধরনের সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ বলে
মন্তব্য করেন খাজা আসিফ। এর আগে গত বছর ইরাক, সিরিয়া, লিবিয়া, মিসর এবং
আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য মুসলিম দেশগুলোর একটি সামরিক জোট
গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানকে এতে
রাখা হয়নি। নতুন ওই জোটের প্রধান কার্যালয় হবে রিয়াদে। ‘ভারতের
হস্তক্ষেপে’র দলিল জাতিসংঘে পাঠাল পাকিস্তান : ভারতের বিরুদ্ধে অভ্যন্তরীণ
বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও
গুতেরেসের কাছে তার দলিল প্রেরণ করেছে পাকিস্তান। নয়াদিল্লির এ ধরনের
কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যাপারে বিশ্ব নেতাদের প্রতি আবেদন জানিয়েছে
দেশটি। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ‘ভারতের
হস্তক্ষেপ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক ওই দলিল তুলে দিয়েছেন মহাসচিবের হাতে।
সঙ্গে দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা সরতাজ
আজিজের একটি চিঠি। পিটিআই।

No comments:
Post a Comment