ইংরেজি
মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ
অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের
চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব
বোর্ডের (এনবিআর) করা আবেদনের শুনানি শেষ এ রায় দেন আদালত। একই সাথে এ
বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ঠিক করে দিয়ে তার মধ্যে রাজস্ব
বোর্ডকে আপিলের আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের
শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল
এস এম মনিরুজ্জামান।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন এ এম আমিন উদ্দিন
ও এম মনজুর আলম। ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে
সাত শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে গত ১২ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি
বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ শুনানি
নিয়ে আদেশ দেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, গত বছরের ৫ জুন এনবিআর একটি
পরিপত্র জারি করে। এর একটি অংশে ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন
ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর বৈধতা নিয়ে রিট হয়। আদালত রুল
দেন। এর ধারাবাহিকতায় হাইকোর্ট ওই ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেন।

No comments:
Post a Comment