Saturday, January 14, 2017

দলের জন্য করাটাই খুশির

একে একে ভেঙেছেন সিঁড়ি। রাঙিয়েছেন ইতিহাসের পাতা। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতককে রূপ দিলেন প্রথম ডাবল সেঞ্চুরিতে। এরপর টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও নিজের করে নেন সাকিব আল হাসান। বন্ধু তামিম ইকবালের ২০৬ রানের রেকর্ড ভেঙে শেষ পর্যন্ত ২১৭ রানে থামেন সাকিব। দুর্দান্ত এই ইনিংসটির পাশাপাশি পঞ্চম উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়ে কাল ইতিহাসে ঢুকে গেছেন বাংলাদেশের এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার।
কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জন্য কিছু করতে পেরে বেশি তৃপ্ত। শুক্রবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয়দিনের খেলা শেষে সেই তৃপ্তিই ঝরল সাকিবের কণ্ঠে, ‘আমরা ওয়ানডে ও টি২০তে ভালো করতে পারিনি। টেস্টে ভালো কিছু করা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার জন্য তো অবশ্যই, দেশের জন্যও। আমার ইনিংসটি দলকে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছে, সেই তৃপ্তি আছে। সব সময় দলে অবদান রাখতে চাই। বেশি অবদান রাখতে পারলে বেশি ভালো লাগে। সেই দিক থেকে পুরো ব্যাপারটা দারুণ তৃপ্তিদায়ক।’ প্রতিটি উদযাপনে সাকিব ছিলেন নির্লিপ্ত। উদযাপনের ব্যাখ্যাও দু-এক কথায় দিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, ‘সে সময় মনে হয়েছে- ডাবল সেঞ্চুরিটা হয়ে গেল! এর বাইরে আর কিছু ছিল না।’ তামিমের ২০৬ ছাড়িয়ে সাকিবের ২১৭ এখন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সাকিব জানান, তামিমের রান আরেকটু বেশি ভেবেছিলেন তিনি, ‘আমি ভেবেছিলাম ওর রান ২১৪, ২০৬ নয়। কিন্তু এক রান নেয়ার পর যখন দেখলাম তামিম তালি দিচ্ছে তখন ভাবলাম, ঠিক আছে... (হাসি)।’

No comments:

Post a Comment