বাংলাদেশ
ক্রিকেট লীগের (বিসিএল) লংগার ভার্সনে এবারের আসরের প্রথম ম্যাচেই ডাবল
সেঞ্চুরি (২১৯) করলেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ওপেনার লিটন কুমার দাস।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই তার প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে তার
সর্বোচ্চ স্কোর ছিল ১৭৫। প্রথম ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন বিসিবি
উত্তরাঞ্চলের নাঈম ইসলাম। রোববার দ্বিতীয়দিন শেষে ৪৫৭ বলে ১৭৬ রানে অপরাজিত
রয়েছেন তিনি। এদিন পাঁচ উইকেট পেয়েছেন ওয়ালটন মধ্যাঞ্চলের শুভাগত হোম।
প্রথম শ্রেণীর ক্রিকেটে লিটনের রেকর্ড দুর্দান্ত। বিসিএলের এই ম্যাচের আগে
৬০ ইনিংসে তার রান ৪৯.৫৮ গড়ে ছিল ২৭৭৭। আটটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৫টি
হাফ সেঞ্চুরি। কাল তুলে নিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারের নবম
সেঞ্চুরি। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে
নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে
ইনজুরিতে ছিলেন। এবার ভারত সফরের জন্য অনুশীলন ক্যাম্পে ডাক পাননি তিনি।
বিসিএলের এই ডাবল সেঞ্চুরির পর শ্রীলংকা সফরের আগে হয়তো নির্বাচকরা তাকে
নিয়ে ভাবতে পারেন। কাল লিটন ২১৯ রান করেছেন ২৪১ বলের সাহায্যে ২৬টি চার ও
চারটি ছয়ে। তার ডাবল সেঞ্চুরিতে পূর্বাঞ্চল ৩৬৭ রান করে। মধ্যাঞ্চলের
বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৩ রান লিড পায় পূর্বাঞ্চল। লিটন ছাড়া পূর্বাঞ্চলের
আর কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরিই করতে পারেননি। মধ্যাঞ্চলের শুভাগত হোম
১০১ রানে পাঁচটি ও তৈয়বুর রহমান ৫০ রানে তিন উইকেট নেন। আগেরদিন বগুড়ায়
পেসাররা দাপট দেখালেও কাল রাজত্ব করেছেন স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট
করতে নেমে মধ্যাঞ্চল সাইফ হাসানকে (৪) হারিয়ে ৬৫ রান তুলেছে। শামসুর রহমান ও
রকিবুল হাসান সমান ২৯ রানে অপরাজিত রয়েছেন। বিসিএলের অপর ম্যাচে সিলেটে
বিসিবি উত্তরাঞ্চলকে টানা দু’দিনেও অলআউট করতে পারেনি প্রাইম ব্যাংক
দক্ষিণাঞ্চল। ১৮৪ ওভার ব্যাট করে সাত উইকেটে তারা ৪৭৪ রান করেছে । টানা
দু’দিন ব্যাট করে নাঈম ইসলাম অপরাজিত ১৭৬ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এর
আগে নাঈমের সর্বোচ্চ স্কোর ছিল ১৪৭। বিসিএলের প্রথম ম্যাচের দ্বিতীয়দিনে
ছাড়িয়ে গেলেন নিজেকেই। আজ প্রথম ডাবলের হাতছানি তার সামনেও। এছাড়া
উত্তরাঞ্চলের নাসির হোসেন ৩৯, আরিফুল হক ৪৩ ও সোহরাওয়ার্দী শুভ ৫৭ রান
করেছেন। দক্ষিণাঞ্চলের আবদুর রাজ্জাক তিনটি, সোহাগ গাজী দুটি এবং জিয়াউর
রহমান ও নাজমুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

No comments:
Post a Comment