Monday, January 30, 2017

মুঠো মুঠো সোনা ফলবে তীর ধনুকের শস্যক্ষেতে!

চমকের পর চমক আন্তর্জাতিক সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে। আগের দিন এককে বাদ পড়া শ্যামলী রায় রোববার বাংলাদেশকে রিকার্ভ বিভাগের মহিলা দলগতের ফাইনালে তুলে দিয়েছেন। নয়টি ইভেন্টের মধ্যে সাতটি স্বর্ণপদকের লড়াইয়ে উঠে গেছেন লাল-সবুজের তীরন্দাজরা। আজ দেখা যাবে ক’টি স্বর্ণপদক জিততে পারেন স্বাগতিক আরচাররা। নয়টি ইভেন্টেরই ফাইনাল আজ।
১৪ দেশের অংশগ্রহণে চলমান এ টুর্নামেন্ট থেকে ছয়টি স্বর্ণ জয়ের প্রত্যাশা আরচারি কর্মকর্তাদের। প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে আগের দিন মহিলাদের রিকার্ভ বিভাগের একক ইভেন্টে হিরামনি এবং কম্পাউন্ড বিভাগের এককে বন্যা আক্তার সোনা জয়ের লড়াই নিশ্চিত করেন। কাল দুই বিভাগের দলগত ও মিশ্র দলগতের পাঁচটি ইভেন্টের সবক’টি ফাইনাল নিশ্চিত করেন স্বাগতিক তীরন্দাজরা। রিকার্ভ বিভাগের পুরুষ দলগত ফাইনালে ভুটানের বিপক্ষে লড়বেন বাংলাদেশের রোমান সানা, সানোয়ার হোসেন ও তামিমুল ইসলাম। সেমিফাইনালে সৌদি আরবকে ৬-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তারা। এ বিভাগে মহিলা দলগতে স্বর্ণের লড়াইয়ে রয়েছেন বাংলাদেশের বিউটি রায়, শ্যামলী রায় ও রাদিয়া আক্তার শাপলা। তাদের প্রতিপক্ষ নেপাল। সেমিফাইনালে তারা বাই পেয়ে ফাইনাল নিশ্চিত করেন। রিকার্ভ মিশ্র দলগত বিভাগে বাংলাদেশের রোমান সানা ও বিউটি রায় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভুটান দলের বিপক্ষে। সেমিফাইনালে তারা ৪-০ সেট পয়েন্টে হারান সিরিয়ার তীরন্দাজদের। এদিকে কম্পাউন্ড বিভাগে পুরুষ দলগতের স্বর্ণপদকের লড়াইয়ে মালয়েশিয়ান তীরন্দাজদের মুখোমুখি হবেন বাংলাদেশের আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদা।
সেমিফাইনালে তারা ২১৬-২১৪ পয়েন্টে ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠেন। এ বিভাগে মহিলা দলগতের কোনো খেলা নেই। তাই মিশ্র দলগতে বাংলাদেশের আবুল কাশেম মামুন ও সুস্মিতা বণিক লড়বেন ইরাকের সঙ্গে। দুটি দল থাকায় এ বিভাগে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। সরাসরি ফাইনাল হবে। এককে না পারলেও দলগত বিভাগে ভালো করেছেন বাংলাদেশের তীরন্দাজরা। ফলে পাঁচ বিভাগের দলগত ও মিশ্র দলগতের ফাইনালেই খেলছেন লাল-সবুজের আরচাররা। দলকে ফাইনালে তুলে দিতে পেরে খুশি তামিমুল ইসলাম। তার কথায়, ‘অসুস্থ থাকায় এককে আমি নৈপুণ্য দেখাতে পারিনি। তবে দলগত বিভাগে সেই হতাশা কাটাতে পেরেছি।’ খুশির ঝিলিক দেখা গেল রোমান সানা ও শ্যামলী রায়ের চোখে। এককে দেশকে হতাশ করলেও দলীয় ইভেন্টে তারা ভালো করেছেন। এবার দেশের মাটিতে সোনা ফলানোর পালা। আজ সেই লড়াইয়েই নামবেন সাত ইভেন্টের ফাইনালে ওঠা স্বাগতিক তীরন্দাজরা।

No comments:

Post a Comment