Tuesday, January 17, 2017

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ হতাহত ২২

নাটোরের বড়াইগ্রামে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন শাহাদাত হোসেন ও স্কুলছাত্রী শারমিন জিনিয়া।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর-গুরুদাসপুর সড়কের মৌখাড়া এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ফল বোঝাই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী ও ভ্যানচালক শাহাদাত হোসেন (১৪) মারা যান। নিহত শাহাদাত গুরুদাসপুর উপজেলার কলাকান্তনগর গ্রামের শাহিনুর রহমানের ছেলে। সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরত এলাকায় ঢাকাগামী বাস এসবি সুপার ডিলাক্স (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৪৯) এর সাথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৮৯৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসটি পাশের খাদে পড়ে যায়।
বাস ও ট্রাকের ড্রাইভারসহ কমপক্ষে আহত ২০ যাত্রীকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় জোনাইল-চাটমোহর সড়কের জোনাইল বাজার ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক স্কুলছাত্রী শারমিন জিনিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে দিঘইর গ্রামের হাসমত আলীর মেয়ে এবং জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

No comments:

Post a Comment