সিনেপাড়ায়
চলছে নির্বাচনের মৌসুম। গত বছরের একেবারে শেষের দিন চিত্রপাড়ায় অনুষ্ঠিত
হল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। ফেব্র“য়ারি মাসে অনুষ্ঠিত
হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর পরই এপ্রিল-মে নাগাদ অনুষ্ঠিত
হওয়ার কথা রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। গত বছরের ২৮
মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় সেটা আর হয়নি। এ
নির্বাচনকে ঘিরেই সিনে প্রযোজকদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। সিনেপাড়া হিসেবে
খ্যাত কাকরাইলে নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এখন পর্যন্ত
সঠিক তথ্য মোতাবেক দুটি প্যানেল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে।
এর মধ্যে
একটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্র ও যৌথ প্রযোজনার পক্ষের শক্তি অন্যটি বিপক্ষের
শক্তি। গুঞ্জন রয়েছে, এবারের নির্বাচনে খোরশেদ আলম খসরু ও সামসুল আলমের
নেতৃত্বে একটি প্যানেল এবং আবদুল আজিজ ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর
নেতৃত্বে আরেকটি প্যানেল অংশ নেবে। যদিও আবদুল আজিজ এ ব্যাপারে এখনও
নিশ্চিত করে কিছু বলেননি। তবে নির্বাচনকে ঘিরে চমকপ্রদ একটি নতুন খবর
রয়েছে। সেটি হচ্ছে, ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে। বিশ্বস্ত
সূত্রে জানা গেছে, প্রযোজক সমিতির নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন
তিনি। তবে ঠিক কোন প্যানেলের হয়ে লড়বেন তিনি সেটা এখনও চূড়ান্ত হয়নি। ধারণা
করা হচ্ছে, যদি আজিজ-লিপু প্যানেল করেন তবে এ প্যানেল থেকেই নির্বাচন
করবেন শাকিব। যদিও এ ব্যাপারে শাকিব খান কোনো মন্তব্য করেননি। এ মুহূর্তে
যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবির শুটিং করতে কলকাতায় রয়েছেন শাকিব। সেখান
থেকে দেশে ফিরে এলেই তার সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

No comments:
Post a Comment