Sunday, January 8, 2017

বিজ্ঞাপনেই সাবলীল অ্যানি

টিভি পর্দার পরিচিত মুখ অ্যানি খান। বিজ্ঞাপন দিয়েই ক্যারিয়ার শুরু। পাশাপাশি অভিনয়েও নিয়মিত তিনি। তবে বিজ্ঞাপনেই বেশি সাবলীল এ মডেল-অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অনেক দর্শকপ্রিয় বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম বিদেশী কোনো পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। কিছুদিন আগে ওভালটিন নামে এ পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন তিনি। পি স্পুনের নির্দেশনায় এতে তার সঙ্গে দেশীয় কয়েকজন শিল্পীর পাশাপাশি বিদেশী শিল্পীও কাজ করেছেন বলে জানা গেছে। বিজ্ঞাপনের শুটিং হয়েছে থাইল্যান্ডে। এ প্রসঙ্গে অ্যানি বললেন,
‘এ বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। দারুণ উপভোগ করেছি। এ বিজ্ঞাপন আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে যাচ্ছে।’ এছাড়া অ্যানি সম্প্রতি কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। নাটকে অভিনয় প্রসঙ্গে অ্যানি বলেন, ‘মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান। মানসম্মত কাজের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই।’ নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নাবিল আশরাফ পরিচালিত ‘রঙধনু’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন। তিন বছর আগে কাজ শেষ হওয়ার পরও ছবিটি এখনও মুক্তি পায়নি।

No comments:

Post a Comment