বছরের
সেরা আট ক্রিকেট বিতর্ক কী? বাংলাদেশের দর্শকদের এই প্রশ্নটা করা হলে
নির্দ্বিধায় তাসকিন আহমেদ নামটি চলে আসবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন
স্পিনার আরাফাত সানির সাথে এই পেসারের বোলিং নিয়ে প্রশ্ন তোলে আইসিসি। পরে
টুর্নামেন্ট চলাকালেই চেন্নাইয়ের পরীক্ষাগারে পাঠানো হয় তাদের। এমন কি
নেগেটিভ ফলে টুর্নামেন্ট চলাকালেই নিষিদ্ধ করা হয় দু'জনকেই।
আরাফাত সানিকে
নিয়ে বিতর্ক অতটা বাসা বাঁধেনি তখন। কিন্তু তাসকিন আহমেদের বিষয়টি ক্ষুদ্ধ
করে তুলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। ‘পরিকল্পিতভাবেই এমন করা হয়েছে’-
বলেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও। তবে তাসকিনকে নিয়ে এই বিতর্ক নয়,
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিকে বছরের সেরা আট বিতর্কের একটি
হিসেবে চিহ্নিত করেছে ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা। তাদের
নির্বাচিত আট বিতর্কে ঠাঁই পেয়েছে- ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলিকে নিয়ে বল
টেম্পারিং বিতর্ক। আছে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর নিজ
দেশের বোর্ডের প্রতি ড্যারেন সামির ক্ষোভ, আইপিএল ও হার্শা ভোগলে বিতর্ক,
বিগ ব্যাশে নারী সাংবাদিককে করা ক্রিস গেইলের অশ্লীল মন্তব্য। আছে ভারতীয়
দলের কোচ নির্বাচন নিয়ে সৌরভ গাঙ্গলির প্রতি রবি শাস্ত্রীর ক্ষোভ এবং লোধা
কমিটি ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর প্রসঙ্গও। এই সাত
বিষয়ের সঙ্গে তারা জড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তাসকিনের একটি
ছবি। ছবিটি টেনে এনে পত্রিকাটি ক্যাপশন করেছে - ‘এশিয়া কাপ ফাইনালে
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দু’দেশের টানটান উত্তেজনা ছিল। সোশ্যাল মিডিয়ায়
এর উত্তাপ আরো বেশি।
দুই দেশের সমর্থকরা একে অপরকে নানা তীর্যক কমেন্ট
করেছে। কুরুচিপূর্ণ ছবি শেয়ার করেছে। বাংলাদেশ সমর্থকের পোস্ট করা একটি ছবি
ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশী পেসার তাসকিন আহমেদের হাতে
ধোনির কাটা মুণ্ডুর একটি ফোটোশপের কারুকার্য করা ছবি রীতিমতো চমকে দিয়েছিল
ক্রিকেটপ্রেমীদের।’ পত্রিকাটির বিবেচনায় সেরা আট বিতর্কের মধ্যে সাতটিই যখন
খেলার মাঠ সম্পর্কিত, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিষয়, যেখানে
বাংলাদেশের ক্রিকেটার বা ক্রিকেটের কেউ জড়িত নেই, সেই বিষয়কে টেনে আনাটা
বিস্ময়করই বলতে হবে।

No comments:
Post a Comment